/indian-express-bangla/media/media_files/2025/12/11/tmc-protest-parliament-white-paper-demand-bengal-mgnregs-pmay-dues-2025-12-11-09-49-58.jpg)
বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার তৃণমূলের
রাজ্যের বকেয়া নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। এবার সংসদ চত্ত্বরেই প্রতিবাদে সামিল দলীয় সাংসদরা।
রাজ্যের প্রাপ্য তহবিল ও বকেয়া আদায়ের দাবিতে ফের সংসদ চত্বরে সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য বকেয়া দুই লক্ষ কোটি টাকারও বেশি। যার মধ্যে শুধুমাত্র এমজিএনআরইজিএতেই বকেয়া প্রায় ৫২ হাজার কোটি। শীতকালীন অধিবেশন জুড়ে এই ইস্যুকেই আন্দোলনের মূল হাতিয়ার করেছে বাংলার শাসক দল। তাঁদের দাবি, বিগত প্রায় দু বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এমজিএনআরইজিএ (MGNREGS) ও পিএমএওয়াই (PMAY)-এর বরাদ্দ সংক্রান্ত হোয়াইট পেপার প্রকাশে টালবাহানা করছে।
রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, “২০২৪-এর মার্চে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে বাংলার জন্য কত বরাদ্দ হয়েছে তার হোয়াইট পেপার প্রকাশ করুন। ২১ মাস কেটে গিয়েছে, কিন্তু বিজেপি সরকার এখনও কোনও তথ্য দিতে পারেনি।” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি বাংলায় নির্বাচনে জিততে না পারায় রাজনৈতিক প্রতিহিংসার বশে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে।”
আরও পড়ুন-বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়....
তৃণমূলের দাবি, প্রায় দুবছর ধরে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। এমজিএনআরইজিএ-র অধীনে ৫২ হাজার কোটি ছাড়াও দু লক্ষ কোটি টাকার বেশি বিভিন্ন খাতে বকেয়া রয়েছে বলেই অভিযোগ। দলের তরফে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, “৬৩৬ দিন পেরিয়ে গেলেও কেন্দ্র এখনও হোয়াইট পেপার দিতে পারেনি। বাংলার প্রতি বঞ্চনা, অবহেলা আর রাজনৈতিক প্রতিহংসার চিত্রই স্পষ্ট হয়ে উঠছে।” আরও একটি পোস্টে কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে তৃণমূল লিখেছে, “২ লক্ষ কোটি টাকার কাছাকাছি প্রাপ্য তহবিল আটকে রেখেছে কেন্দ্র। গরিব মানুষের জন্য নির্ধারিত এমজিএনআরইজিএ-র মজুরি ও আবাস যোজনার টাকা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। রাজনৈতিক বিদ্বেষের কারণে কেন্দ্র এই টাকা আটকে রেখেছে।”
আরও পড়ুন-ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
এ বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে তৃণমূলের তরফে জানানো হয়েছে,“বাংলার প্রাপ্য এক টাকাও আমরা ছাড়ব না। ন্যায় না মিললে প্রতিবাদ চলবে।” সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সাংসদরা এ দিন ঘোষণা করেন, শীতকালীন অধিবেশন জুড়ে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us