/indian-express-bangla/media/media_files/2025/12/24/turkey-plane-crash-libya-military-chief-killed-2025-12-24-10-06-54.jpg)
তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনা
তুরস্কে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডারসহ আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার সামরিক প্রধান মহম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। এই মর্মান্তিক ঘটনার জেরে তুরস্কজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং একাধিক ফ্লাইটের রুট ঘুরিয়ে দেওয়া হয়।
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল-হামিদ দবেইবা এই দুর্ঘটনায় আল-হাদ্দাদসহ আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে লিবিয়ায় ফেরার সময় বেসরকারি ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এটি একটি দুর্ঘটনাজনিত ও অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা লিবিয়ার জন্য এক বড়সড় ক্ষতি।
সূত্রের খবর, ডাসাল্ট ফ্যালকন-৫০ (Dassault Falcon 50) শ্রেণির ওই প্রাইভেট জেটে লিবিয়ার সামরিক প্রধান ছাড়াও আরও চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু মেম্বার ছিলেন। দুর্ঘটনার ফলে বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, মঙ্গলবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে বিমানটি টেকঅফ করে। টেক অফের পর প্রায় ৪০ মিনিট পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর আসে। পরে আঙ্কারার কাছাকাছি এলাকায় ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, আঙ্কারার দক্ষিণে হাইমানা জেলার কাছে জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিল বিমানটি। তবে সেই সংকেত পাঠানোর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই এলাকার আকাশে একটি উজ্জ্বল আলো দেখা গেলে নিরাপত্তা বাহিনী তৎপর হয়। এবং বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়।
দুর্ঘটনায় নিহত হয়েছে লিবিয়ার চার শীর্ষ সামরিক কর্মকর্তা। উল্লেখ্য, মুহম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার এবং রাষ্ট্রসংঘরের মধ্যস্থতায় লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মঙ্গলবার তিনি তুরস্কের সরকারি সফরে আঙ্কারায় এসে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই তিনি দেশে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস
আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!
আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের
আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us