/indian-express-bangla/media/media_files/2026/02/04/turkish-airlines-emergency-landing-kolkata-engine-fire-2026-02-04-17-02-39.jpg)
মাঝ আকাশে ইঞ্জিনে আগুন
মাঝ আকাশে ডান দিকের ইঞ্জিনে আগুন। ২৩৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ কাঠমান্ডু থেকে ইস্তানবুলগামী তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। কলকাতা বিমান বন্দরে হুলস্থূল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে কোনও মতে রেহাই।
বিমান বন্দর সূত্রে খবর, তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর THY-727 দুপুর প্রায় ২টা ৪৯ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনার কথা জানিয়ে আগেই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেছিলেন পাইলট। বিমানে মোট ২৩৬ জন ছিলেন। এর মধ্যে ২২৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য। বর্তমানে বিমানটি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন এনএসসিবিআই বিমানবন্দরের ডিরেক্টর।
ঘটনাটি ঘিরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ সংস্থা ANI-কে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার টেকনাথ সিতৌলা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে উড়ানের চার মিনিটের মধ্যেই বিমানের ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি সামাল দিতে পাইলট সঙ্গে সঙ্গে ওই ইঞ্জিন বন্ধ করে দেন এবং বিমানটিকে কাঠমান্ডুর পশ্চিম দিকে ঘুরিয়ে প্রায় ১০ মিনিট আকাশেই ভাসিয়ে রাখেন। প্রাথমিক পরীক্ষার পর বিমানের পাইলট সিদ্ধান্ত নেন দীর্ঘপথের উড়ানের জন্য বিমানটি নিরাপদ নয়। যদিও কাঠমান্ডু বা ফিরে যাওয়ার সুযোগ ছিল, তবুও কোনও ঝুঁকি না নিয়ে পাইলট কলকাতায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৫ মিনিটের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
শেষ পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবতরণ সম্পন্ন হয়। বিমানটি নিরাপদে অবতরণ করার পর তড়িঘড়ি বিমানে থাকা সব যাত্রী ও ক্রু মেম্বারদের বাইরে বের করে আনা হয়। বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন- 'বাংলাকে টার্গেট করা হচ্ছে! অসমে SIR নয় কেন?' সুপ্রিম কোর্টে প্রশ্ন 'আইনজীবী' মমতার


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us