/indian-express-bangla/media/media_files/2025/07/02/accident-2025-07-02-09-54-03.jpg)
প্রতীকী ছবি।
poolcar mishap: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল তিন পড়ুয়া। সোমবার বিকেলে উলুবেড়িয়ার বহিরা গ্রামের কাছে রাস্তার ধারে থাকা পুকুরে স্কুলের পুলকার উল্টে গেলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত তিন পড়ুয়ার বয়স মাত্র ৬ থেকে ১০ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় তিনটের সময় স্কুল ছুটি শেষে পুলকারে করে বাড়ি ফিরছিল পাঁচ জন পড়ুয়া। অভিযোগ, বহিরা গ্রামের কাছে পৌঁছনোর সময় হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বসেন পুলকারের চালক। মুহূর্তের মধ্যে পুলকারটি রাস্তার ধারের পুকুরে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই খবর যায় উলুবেড়িয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরিরা নামতে নামতেই স্থানীয়রা পুকুরের জলে তলিয়ে থাকা পুলকার থেকে একে একে পাঁচ শিশু-ছাত্রকে তুলে আনেন।
দ্রুত তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিন জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আরও দুই শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে, এমন ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মত উঠতে শুরু করেছে। কেউ কেউ দাবি করছেন, পুলকারটির সঙ্গে আরেকটি গাড়ির রেষারেষি চলছিল, তার জেরেই নিয়ন্ত্রণ হারায় চালক। আবার অনেকে বলছেন, হঠাৎ মোড় নিতে গিয়ে গাড়িটি পিছলে পড়ে যায় পুকুরে।
আরও পড়ুন-SIR fear death: “আমাকে বাংলাদেশে পাঠাবে!” আতঙ্কে ঘুম হারাম! শেষমেশ ঝরে গেল আরও এক প্রাণ
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বহিরা গ্রামে। নিহত তিন পড়ুয়ার পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের অকাল মৃত্যুতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলকারের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us