/indian-express-bangla/media/media_files/2025/12/26/us-airstrike-nigeria-2025-12-26-12-22-35.jpg)
ভয়াবহ বিমান হামলা আমেরিকার
US airstrike Nigeria:নাইজেরিয়ায় কেন মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে ? ট্রাম্প জানালেন আসল কারণ, প্রকাশ্যে এল হামলার ভয়াবহ ভিডিও।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসআইএসের ঘাঁটিতে বড়সড় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বায়ুসেনা এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই হামলার তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আইএসআইএস জঙ্গিরা ওই অঞ্চলে লাগাতার খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তিনি আইএসআইএসকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে কটাক্ষ করে বলেন, তাদের নৃশংস কার্যকলাপ একটি গোটা সম্প্রদায়ের অস্তিত্বের জন্য বড়সড় 'হুমকি' হয়ে দাঁড়িয়েছিল।
ট্রাম্পের দাবি, অক্টোবর ও নভেম্বর মাসেই তিনি নাইজেরিয়াকে সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন। তাঁর কথায়, নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর যেভাবে হামলা চলছিল, তা কার্যত গণহত্যার সমান এবং এর ফলে নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই বিমান হামলা সেই সব জঙ্গিদের বিরুদ্ধেই চালানো হয়েছে, যারা নির্দোষ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করছিল। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, “আমি আগেই সতর্ক করেছিলাম যদি খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হয়, তাহলে তার জন্য কঠিন মূল্য দিতে হবে। আজ রাতে সেটাই হয়েছে। ডিপার্টমেন্ট অফ ওয়ার এমন নিখুঁত হামলা চালিয়েছে, যা কেবল আমেরিকাই করতে পারে।” তিনি স্পষ্ট করে জানান, তাঁর নেতৃত্বে কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসবাদকে কোনওভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।
.@POTUS “Tonight, at my direction as Commander in Chief, the United States launched a powerful and deadly strike against ISIS Terrorist Scum in Northwest Nigeria, who have been targeting and viciously killing, primarily, innocent Christians, at levels not seen for many years, and… pic.twitter.com/ct7rUW128t
— Department of War 🇺🇸 (@DeptofWar) December 26, 2025
এদিকে নাইজেরিয়া সরকারও এই অভিযানের কথা নিশ্চিত করেছে। নাইজেরিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতারই অংশ। এর আওতায় দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং কৌশলগত সমন্বয়ের মাধ্যমে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিশানা করা হচ্ছে।
নাইজেরিয়া সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, সমস্ত সন্ত্রাসবিরোধী অভিযানের মূল লক্ষ্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় ঐক্য রক্ষা করা এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করা। কারও ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে, কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হিংসা নাইজেরিয়ার মৌলিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তির পরিপন্থী বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা
আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us