/indian-express-bangla/media/media_files/2026/01/23/us-iran-tension-trump-us-naval-fleet-iran-nuclear-warning-2026-01-23-09-55-14.jpg)
ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার, বিশ্বজুড়ে হুলস্থূল
মার্কিন-ইরান উত্তেজনা চরমে, ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন নৌবহর। ট্রাম্পের হুঙ্কার বিশ্বজুড়ে হুলস্থূল।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন যে ওয়াশিংটন সরাসরি কোনও সামরিক সংঘাতে জড়াতে চায় না, তবুও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- দুর্গাপুজোও এখানে ফিকে! কালনার মানুষের কাছে কেন শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো? জানুন ৩০০ বছরের ইতিহাস
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে একটি বিশাল মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে। তাঁর কথায়, “মার্কিন নৌবহর ওই অঞ্চলের দিকে যাচ্ছে। দেখা যাক কী হয়। আমি চাই না কোনও কিছু ঘটুক, কিন্তু আমরা সবকিছুর উপর খুব কড়া নজর রাখছি।” ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা স্থগিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের কড়া চাপের জেরেই ইরান শ'য়ে শ'য়ে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাঁর দাবি অনুযায়ী, “আমি ইরানে ৮৩৭টি মৃত্যুদণ্ড বন্ধ করেছি। না হলে তাদের সকলকে মৃত্যদন্ড কার্যকর করা হত। তিনি এই কথিত মৃত্যুদণ্ড প্রথাকে “হাজার বছরের বর্বরতা” বলে আখ্যা দেন।
আরও পড়ুন-Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল
ট্রাম্প আরও বলেন, মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া ব্যক্তিদের অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের। তাঁর দাবি, কড়া সতর্কবার্তা দেওয়ার পরই তেহরান পিছু হটতে বাধ্য হয়। ট্রাম্পের ভাষায়, “আমি স্পষ্ট করে বলেছিলাম, যদি তারা বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে এমন প্রতিক্রিয়া আসবে যা আগে কখনও দেখেনি ইরান। আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নেওয়া পদক্ষেপের তুলনায় সেটি কিছুই হবে না।” তাঁর দাবি, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মাত্র এক ঘণ্টা আগে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি আরও বাড়ানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ফের সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি আগেই জানিয়েছিলেন, আমেরিকা সামরিক পদক্ষেপ এড়াতে চায়, তবে ইরান যদি ফের পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তাহলে ওয়াশিংটন চুপ থাকবে না। দাভোসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "যদি ইরান এই পথে এগোয়, তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”
এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থা (IAEA)। সংস্থার দাবি, নিয়মিত পরিদর্শনের নির্দেশিকা থাকা সত্ত্বেও গত অন্তত সাত মাস ধরে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।
আরও পড়ুন-লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ, সরকারি মেলায় গায়ককে ‘ধাক্কা’! প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সরব বিজেপি


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us