/indian-express-bangla/media/media_files/2026/01/26/us-snowstorm-flight-cancellations-180-million-affected-2026-01-26-12-55-11.jpg)
ভয়ঙ্কর তুষার ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের তাণ্ডবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাত ও বৃষ্টিতে প্রায় ১৮ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এই সংখ্যা মার্কিন জনসংখ্যার প্রায় অর্ধেকের সমান। ঝড়ের জেরে বহু এলাকায় রাস্তা অবরুদ্ধ পড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং তাপমাত্রায় তীব্র পতন লক্ষ্য করা যায়, যার ফলে একাধিক রাজ্যে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তুষারঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমান চলাচলের ওপর। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, শনিবার থেকে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুধু একদিনেই, রবিবার প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে বহু বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
ডালাস-ফোর্ট ওয়ার্থ, শার্লট, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও লাগার্ডিয়া বিমানবন্দর তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সেখানেই প্রায় ৪৫০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলি যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে অবশ্যই তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। যাঁরা বিমানবন্দর বা হোটেলে আটকে পড়েছেন, তাঁদের গ্রাহক পরিষেবা বা অনলাইন রিজার্ভেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আসন খালি থাকলে অতিরিক্ত কোনও ফি ছাড়াই ফ্লাইট পুনরায় বুক করার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।
এদিকে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, কোনও যাত্রীর ফ্লাইট বাতিল হলে এবং তিনি ভ্রমণ না করার সিদ্ধান্ত নিলে, টিকিট ফেরতযোগ্য না হলেও বিমান সংস্থাগুলি আইন অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য। একই সঙ্গে প্রশাসন ও বিমান সংস্থাগুলি যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us