/indian-express-bangla/media/media_files/2026/01/04/usa-venezuela-maduro-arrest-operation-absolute-resolve-bengali-news-2026-01-04-13-59-50.jpg)
নিউ ইয়র্কে পৌঁছেছেন ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট মাদুরো
আমেরিকার হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্পের এই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটক করার পর মার্কিন ডেল্টা ফোর্স কমান্ডোরা তাঁকে নিউইয়র্কে নিয়ে গেছে। সেখানে তাঁর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে ফেডারেল আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
সূত্রের দাবি, শনিবার বিকেলে নিউইয়র্কে বিমান অবতরণের পর এফবিআই এজেন্টরা বিমানটি ঘিরে ফেলে এবং মাদুরো ও তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয়। ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর আওতায় শনিবার ভোরে ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা থেকে মাদুরোকে নৌবাহিনীর জাহাজ ‘ইও জিমা’-তে তোলা হয়। ওই জাহাজটি ভেনেজুয়েলার চারপাশে মোতায়েন মার্কিন নৌবহরের অংশ ছিল বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাদুরোকে আপাতত নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে রাখা হবে। সোমবার তাঁকে প্রাথমিক শুনানির জন্য আদালতে হাজির করানো হতে পারে। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদুরোকে কারাগারে আনার সময় জেলের বাইরে বিপুল ভিড় জমে যায়। সিএনএনের দাবি অনুযায়ী, অনেকেই উল্লাস প্রকাশ করে ভেনেজুয়েলার পতাকা নাড়ান।
এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো সতর্কবার্তাও নতুন করে আলোচনায় এসেছে। কয়েক মাস ধরে চাপ ও হুমকির পর শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলা চালানো হয় বলে দাবি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এরপরই মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে গ্রেপ্তারের দাবি সামনে আসে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় নিরাপদ ও স্থিতিশীল ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপর নজরদারি রাখবে। এপি-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ক্ষমতার নিরাপদ ও সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেব।”
মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ড্যান কেনের বক্তব্য অনুযায়ী, ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর মূল উদ্দেশ্য ছিল মাদুরোকে আটক করা। হেলিকপ্টার চলাচলের পথ পরিষ্কার করতেই সীমিত বিমান হামলা চালানো হয়। তিনি জানান, কয়েক মাস ধরে পরিকল্পিত এই অভিযানে ১৫০টিরও বেশি বিমান অংশ নিয়েছিল।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাঁর দাবি, খুব শিগগিরই তাঁরা আমেরিকার বিচার ব্যবস্থার সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us