/indian-express-bangla/media/media_files/2025/12/05/meeting-2025-12-05-20-20-58.jpg)
SIR meeting Birbhum: এসআইআর ইস্যুতে বৈঠক।
বীরভূমের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে সামনে এল একাধিক ত্রুটি, অসংগতি ও প্রশ্ন। শুক্রবার সিউড়ি জেলা শাসকের সভাকক্ষে বসা সর্বদলীয় বৈঠকে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ধবল জৈনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পর্যবেক্ষক একে একে সমস্ত দলের বক্তব্য ও লিখিত অভিযোগ গ্রহণ করেন।
বিজেপির বিস্তর ত্রুটির অভিযোগ: “৮০০ বুথে মৃত-স্থানান্তরিত ভোটার দেখানো কম”
বিজেপির পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, “বীরভূমের ৩০৭৬ বুথের মধ্যে প্রায় ৮০০ বুথে মৃত, স্থানান্তরিত এবং স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে কম দেখানো হয়েছে। অনেক বুথে ২০-২৫ জন এমন ভোটার দেখানো হলেও বাস্তবে সংখ্যা অনেক বেশি।” তিনি আরও অভিযোগ করেন, ২৩ বছরে মাত্র একজন মৃত ভোটার দেখানো হয়েছে এমন বুথও রয়েছে।
আরও পড়ুন- Shatabdi Roy: 'বিজেপির নেতারা হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠিয়ে দিন!', সংসদে সোচ্চার শতাব্দী
৯৯% এনুমারেশন ফর্ম জমা হলেও, এখন বিএলওদের কাছ থেকে হলফনামা নেওয়া জরুরি। খসড়া প্রকাশের পর মৃত ভোটারের নাম থাকলে সংশ্লিষ্ট বিএলও ও অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ‘বংশধর দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা’, এই সংখ্যাও অস্বাভাবিকভাবে বেড়েছে বলে দাবি বিজেপির।
আরও পড়ুন-Malda News: খুনের মামলায় যুবককে থানায় আটকে নির্মম অত্যাচারের অভিযোগ! গ্রামে ক্ষোভের আগুন
জগন্নাথ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, “খসড়া তালিকা প্রকাশের পর মৃতদের নাম একে একে প্রকাশ্যে আনব। দায়ী বিএলওদের জেলে ঢোকানো হবে।” তিনি জেলা প্রশাসনের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
তৃণমূলের পাল্টা বক্তব্য: “মৃত দেখানো হচ্ছে জীবিতদের, আতঙ্ক বাড়ছে”
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি–র সিউড়ি শহর সভাপতি রাধাবল্লভ চট্টোপাধ্যায় বলেন, “২০০২ সালে ভোট দিয়েছেন অথচ বর্তমান তালিকায় নাম নেই, এমন বহু মানুষ রয়েছেন। ৩–৪% ভোটারকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, "৮০ বছরের বয়স্ক ভোটারদের বাড়িতে পুলিশ নিয়ে ছবি তোলা হচ্ছে, এতে আতঙ্ক বাড়ছে। মৃত ভোটার যেন না থাকে, এতে আমরাও রাজি। কিন্তু কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।”
বিশেষ পর্যবেক্ষকের আশ্বাস: “যেখানে সন্দেহ, সেখানে এআরও সরাসরি যাবেন”
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “কিছু অভিযোগ পেয়েছি। সেগুলো খতিয়ে দেখব। কাজ ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যেসব বুথে মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে মনে হবে, সেখানে এআরওরা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পুনরায় যাচাই করবেন। ২০০২ সালে অনেক পরিযায়ী শ্রমিক এলাকায় ছিলেন না, ফলে সেই তথ্য তখন ধরা যায়নি। সেই বিষয়টিও নতুন করে দেখা হবে।”
সর্বদলীয় বৈঠকে বীরভূমের ভোটার তালিকা সংশোধন ঘিরে তর্ক-বিতর্ক যেমন ঘটেছে, তেমনই কমিশনে আস্থা রেখেই সকল পক্ষ সঠিক তদন্ত ও স্বচ্ছ তালিকা প্রস্তুতির দাবি জানিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us