কমিশনের বিরুদ্ধে সরব শমীক'ই! SIR পর্বে বাংলায় হচ্ছে টা কী? পাল্টা সরব মহুয়া, চড়ছে রাজনীতির পারদ

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
পশ্চিমবঙ্গ, বিজেপি, তৃণমূল কংগ্রেস, SIR, ফর্ম ৭, ভোটার তালিকা, শমীক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া, খাতড়া, নির্বাচন কমিশন, ভোটার অধিকার, রাজনৈতিক উত্তেজনা, ভোটার নাম মুছে ফেলার ষড়যন্ত্র

কমিশনের বিরুদ্ধে সরব শমীক'ই! পাল্টা সরব মহুয়া

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্টভাবে জানান, ভোটার তালিকার সংশোধন সঠিকভাবে না হলে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেবে না।

Advertisment

শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপির কর্মীরা বুথ স্তরে বিস্তৃত যাচাই চালিয়ে প্রকৃত বাসিন্দা ও বহিরাগতদের চিহ্নিত করেছেন, যাতে প্রকাশিত ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা যায়। তবে তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং অ্যাসিস্ট্যান্ট ইআরওরা নির্বাচন কমিশনের নির্ধারিত ফর্ম ৭-এর মাধ্যমে জমা দেওয়া আপত্তি গ্রহণ করতে অস্বীকার করছেন।

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “এইভাবে যদি বাংলায় SIR প্রক্রিয়া শেষ হয়, তাহলে আমরা এখানে নির্বাচন হতে দেব না। SIR প্রক্রিয়াকে স্বচ্ছ ও মসৃণ করুন। এটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি।” তিনি আরও জানান, আপত্তির ফর্ম গ্রহণ না করায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভে নেমেছেন।

বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটে লড়বেন বর্ষীয়ান অভিনেতা? তুঙ্গে চর্চা

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, এতদিন ধরে শাসক দল SIR-এর বিরোধিতা করে আসছে। তাঁর প্রশ্ন, “SIR চলাকালীন বুথ লেভেল অফিসাররা (BLO) কীভাবে বলতে পারেন যে তাঁরা ফর্ম ৭ নেবেন না এবং অনলাইনে ফর্ম ৬ পূরণ করতে হবে? একটি অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় SIR সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।”

রাজ্য বিজেপি সভাপতির দাবি, দলের পক্ষ থেকে বারবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে তিনি বাংলায় এসে সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, SIR শুরু হওয়ার সময় BLO-দের উপর হুমকির অভিযোগ উঠেছিল, আর এখন যখন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রক্রিয়া চলছে, তখন BLO-দের ফর্ম গ্রহণে অস্বীকার করার কোনও যুক্তি নেই।

উল্লেখ্য, SIR শুরুর আগেই বিজেপি নেতৃত্ব, শমীক ভট্টাচার্য-সহ, জানিয়েছিল যে এই প্রক্রিয়া সঠিকভাবে না হলে বিধানসভা নির্বাচন হতে দেবে না দল। প্রথম ধাপে SIR প্রক্রিয়ায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি। দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশন প্রায় ১ কোটি ২৬ লক্ষ তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ খতিয়ে দেখছে।

 Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব SIR প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পাঁচটি চিঠি লিখে SIR সংক্রান্ত একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, এই প্রথমবার প্রকাশ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল বিজেপি। এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নিয়মিতভাবে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসছে। তবে এবার বিজেপিও একই সুরে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল।

শমীক ভট্টাচার্য আরও জানান, ফর্ম ৭ গ্রহণ না করার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, স্থানীয় আধিকারিকরা বলছেন, উপরমহল থেকে কোনও নির্দেশ না থাকায় তাঁরা আপত্তি গ্রহণ করতে পারছেন না। এই পরিস্থিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলেই অভিহিত করেছে বিজেপি।  

এর আগেই, মঙ্গলবারই বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে অভিযোগ তোলে যে রাজ্যের অন্তত দু’টি জেলায় সরকারি আধিকারিকরা ফর্ম ৭ গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই ফর্মের মাধ্যমে ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি তোলা বা মৃত্যু কিংবা স্থানান্তরের কারণে নিজের বা অন্য কারও নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে এনেছেন। তিনি লিখেছেন, "নদিয়ায় বিজেপির দুষ্কৃতীরা  অবৈধভাবে হাজার হাজার ফর্ম ৭ পূরণ করছে এবং নিজেদের ‘বিজেপি পার্টি’ পরিচয়ে ইআরও-কে ভোটারদের নাম মুছে ফেলতে চাপ দিচ্ছে! 

Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন

এদিকে SIR প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এই অভিযোগে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার খাতড়ায় একটি গাড়ি থেকে প্রায় ৪ হাজার ফর্ম ৭ উদ্ধার হওয়ার ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করেন তিনি।

ঘটনাটি ঘটে খাতড়ার সিনেমা মোড় এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সন্দেহ হলে একটি গাড়ির পিছু ধাওয়া করা হয়। গাড়িটি আটকানোর পর তাতে প্রায় ৪ হাজার ফর্ম ৭ পাওয়া যায়, যেটি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা পাঁচ জনের মধ্যে তিন জন পালিয়ে যায় এবং দু’জনকে আটক করা হয়েছে। স্থানীয়ভাবে ওই পাঁচ জনই বিজেপি নেতা হিসেবে পরিচিত বলে দাবি। আটক হওয়া দু’জনের মধ্যে একজনের নাম প্রাবীর ঘোষ, যিনি তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিবড়দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন  বিজেপি মণ্ডল সভাপতির স্বামী বলে জানা গেছে।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে উদ্ধার হওয়া ফর্মগুলির ছবি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ছবিগুলো দেখুন, এগুলো আমার কাছে এসেছে। এটাই এখনকার পরিস্থিতি। এভাবেই ভোটারদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।”

তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তরশঙ্কর রায় অভিযোগ করেন,  নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা। তাঁর দাবি, “আগেভাগেই হাজার হাজার ফর্ম ৭ পূরণ করে গাড়িতে করে আনা হয়েছে। এটা কাকতালীয় হতে পারে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের অবিলম্বে তদন্ত করা উচিত।”

West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা

রানিবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডিও একই সুরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “গরিব, আদিবাসী ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নীলনকশা তৈরি হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ফর্ম ৭ মূলত মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যজুড়ে এই ফর্মের অপব্যবহার করে নির্বাচনের আগে বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Shamik Bhattacharya SIR