/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
বাংলায় আরও ২০ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের শুনানি, নোটিশ জারি করল ইসি
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে আরও প্রায় ২০ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে শুনানির নোটিস পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক শীর্ষ নির্বাচন আধিকারিক এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে সোমবার থেকেই ১০ লক্ষ 'আনম্যাপড' ভোটারের জন্য শুনানি সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রথম দফায় মোট প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে। খুব শীঘ্রই তাঁদের অধিকাংশের কাছেই শুনানির নোটিস পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এই শুনানিগুলি মূলত সেই ভোটারদের জন্য, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম বা পরিবারের সদস্যদের নাম থাকার প্রমাণ দিতে পারেননি।
আধিকারিকদের মতে, জেলা শাসক (ডিএম) ও মহকুমা শাসক (এসডিএম)-এর দফতর ছাড়াও বিভিন্ন সরকারি দফতর, স্কুল ও কলেজে এই শুনানি অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে প্রায় ৪,৫০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে।
এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ বুধবার কলকাতার নজরুল মঞ্চে দুই দফায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা নির্ভুল ও স্বচ্ছ্ব রাখতেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে, যাতে কোনও যোগ্য ভোটার বাদ না পড়েন।
এদিকে ২০২৬ সালে বাংলায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। আগের বছরগুলির তুলনায় কম দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কথা জানা গিয়েছে সিইও দফতর সূত্রে। ২৬-এর বিধানসভা ভোট এক দফায় অথবা সর্বোচ্চ দু’দফায় নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে সিইও দফতর থেকে। বিষয়টি নিয়ে আগামী জানুয়ারিতে নির্বাচন কমিশনের বৈঠকে আলোচনা হতে পারে।
সূত্রের দাবি, আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার (ECI) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং তাঁর দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেখানেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নির্বাচনী আধিকারিকদের মতে, এক দফায় অথবা দু’দফায় নির্বাচন হলে অতীতের নির্বাচন ব্যবস্থার তুলনায় বড় পরিবর্তন আসবে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায় এবং ২০১৬ সালের নির্বাচন ৬ দফায় অনুষ্ঠিত হয়েছিল, যার প্রথম দফা আবার দু’দিনে অনুষ্ঠিত হয় । কম দফায় ভোট হলে বাইরে থেকে লোক এনে ভোটে প্রভাব ফেলা বা ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে কমিশন ।
তবে এক বা দু’দফায় নির্বাচন করাতে নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও তৈরি হবে। ভোটের দিনে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশন যদি এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তবে এক বা দু’দফায় নির্বাচন করা পুরোপুরি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
এদিকে, পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তির শুনানি শুরু হতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এর আগে বুধবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ৪,৬০০ জন মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই মাইক্রো অবজারভাররা কেন্দ্রীয় সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি ব্যাঙ্কের কর্মী।সব প্রক্রিয়া শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন।
আরও পড়ুন- ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us