/indian-express-bangla/media/media_files/2024/12/27/rvRxy4IXHrBlbw0R6m35.jpg)
SSKM Hospital: এসএসকেএম হাসপাতাল।
West Bengal news: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচনের পথে পশ্চিমবঙ্গ। লিভার ও কিডনি ব্যাংকের পর এবার হার্ট ব্যাংক তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সল্টলেকের স্বাস্থ্য ভবনে মোবাইল হেলথ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেন। তাঁর কথায়, “একটা লিভার ব্যাংক হচ্ছে, একটা কিডনি আর হার্ট ব্যাংক তৈরিরও চিন্তাভাবনা চলছে। এসএসকেএম হাসপাতালে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক তৈরি করা হচ্ছে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এমন এক ব্যবস্থার দিকে রাজ্য এগোচ্ছে, যেখানে যাদের অঙ্গ প্রতিস্থাপনযোগ্য অবস্থায় বাদ দিতে হচ্ছে, সেই অঙ্গগুলি যেন অন্য কোনও অসুস্থ মানুষের জীবনে কাজে লাগানো যায়। মমতা বলেন, “নানা রকম পরিকল্পনা রয়েছে আমাদের। তবে সেগুলো বাস্তবায়িত করতে গেলে সময় এবং টাকার প্রয়োজন।”
রাজ্যের চিকিৎসক মহল মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আশাবাদী। এসএসকেএম হাসপাতালে অর্গান ব্যাংক তৈরির প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ধাপে ধাপে এই পরিষেবা কলকাতার অন্যান্য সরকারি মেডিকেল কলেজ যেমন এন.আর.এস মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, আর.জি.কর মেডিকেল কলেজসহ বিভিন্ন জেলা হাসপাতালেও চালু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন- Partha Chatterjee: 'অনেক অভিযুক্তদের পাশে দল থেকেছে, আমার পাশে নয় কেন?', মমতাকে চিঠি অভিমানী পার্থর
বিশেষজ্ঞদের মতে, অঙ্গ সংরক্ষণ এবং প্রতিস্থাপন ব্যবস্থা চালু হয়ে গেলে বহু সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা সম্ভব হবে। দুর্ঘটনা বা অঙ্গ বিকলজনিত কারণে জরুরি মুহূর্তে অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা থাকলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
অঙ্গদান সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমরা চাই মানুষ অঙ্গদান সম্পর্কে আরও উৎসাহী হোন। একজনের অঙ্গ আরেকজনের জীবনে আলো ফিরিয়ে দিতে পারে — এই বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাই।” রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প রাজ্য সরকারের এক দূরদর্শী পদক্ষেপ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us