/indian-express-bangla/media/media_files/2025/12/22/cats-2025-12-22-15-11-59.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news live updates: তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ। ব্যারিকেড টকপকে সিইও দফতরে প্রবেশের চেষ্টা। আটক করা হয়েছে ২ জনকে। ব্যারিকেড উপরে নাচ আন্দোলনকারীদের। অ্যাপ বিভ্রাটের জেরে আজকের এই প্রতিবাদ। আইন ভাঙবেন না ঘোষণা কলকাতা পুলিশের।
'জোট জটিল, দরকারে একলা চলব, আগের মমতার সঙ্গে এখনকার মমতার আকাশ-পাতাল ফারাক', দল ঘোষণা করেই হুঙ্কার হুমায়ুনের। হুমায়ুনের গঠন করা নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি।
রাজ্য রাজনীতিতে নতুন করে চমক। নিজের নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নিজে রেজিনগর ও বেলডাঙা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুমায়ুন কবীরের ঘোষণায় আরও জানানো হয়েছে, ভগবানগোলা ও রানিনগর কেন্দ্র থেকেও দলের প্রার্থী হিসেবে থাকবেন হুমায়ুন কবীর নামেরই প্রার্থীরা। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া এই নেতা নতুন দল জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে লড়াই করবেন বলেও জানানো হয়েছে।
মালদার বৈষ্ণবনগর কেন্দ্র থেকে দলের মহিলা প্রার্থীকে লড়াইয়ে নামানো হচ্ছে বলেও ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। নতুন দলের প্রার্থী ঘোষণার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। হুমায়ুন কবীর জানিয়েছেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন দল জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশ ঘটবে। সেই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে, আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR সংক্রান্ত বিষয় ও আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়েই এই বৈঠক বলে তৃণমূল সূত্রে খবর। একই দিনে নিজের দলের বিএলএদের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ফলে একই দিনে শাসক ও বিরোধী শিবিরে ব্যস্ত রাজনৈতিক তৎপরতা নজর কেড়েছে।
আরও পড়ুন- ভোটের আগে বিহারের নম্বরপ্লেটের একের পর এক বাইক ঢুকছে বিজেপির পার্টি অফিসে! ব্যাপারটা কী?
এদিকে রাজ্যের রাজনীতির পাশাপাশি আবহাওয়ার ছবিটাও নজরে। রাজ্যজুড়ে আপাতত শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’এক দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, বড়দিনের ঠিক আগে ফের কয়েক ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বছরের শেষ কয়েকটি দিন গোটা রাজ্যেই শীতের জোরালো প্রভাব বজায় থাকবে।
- Dec 22, 2025 11:42 IST
East Bengal Wins SAFF Women’s Club Championship 2025:বিদেশের মাটিতে সুনামি বিজয় লাল-হলুদ মহিলা ব্রিগেডের
লিওনেল মেসি বিতর্কের রেশ কাটতে না কাটতেই কলকাতা আবার প্রমাণ করল এই শহরের ফুটবলপ্রেম নিখাদ ও আবেগে ভরপুর। SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ইস্টবেঙ্গল মহিলা দলকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হল, তা ফুটবলপ্রেমী কলকাতার প্রকৃত চেহারাই তুলে ধরল। রবিবার (২১ ডিসেম্বর) রাতে হাজার হাজার সমর্থক নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান লাল-হলুদের সাফল্যবান্ধবদের স্বাগত জানাতে।
- Dec 22, 2025 11:41 IST
Rohit Sharma: 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মর্মান্তিক পরাজয়ের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোহিত শর্মা। এমনই অজানা তথ্য সামনে এনে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সম্প্রতি একটি অনুষ্ঠানে অবসর নিয়ে মুখ খুলে তিনি জানান, সেদিনের সেই পরাজয়ের পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছিলেন।
- Dec 22, 2025 11:41 IST
Indian Women Team vs Sri Lanka Women Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল
প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও দলের ফিল্ডিং নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটের জয়ের পর তিনি জানিয়েছেন, ব্যাটিং ও বোলিংয়ে দল ভালো পারফর্ম করলেও ক্যাচ মিস করা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে তাই কৌশলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ভারত অধিনায়ক।
- Dec 22, 2025 11:40 IST
Kolkata News Live Updates: সোনার দামে ভূমিকম্প!
সোমবার, ২২ ডিসেম্বর সকালে MCX-এ স্বর্ণ ও রূপার দাম উভয়ই তীব্রভাবে বেড়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের (US Fed) সুদের হার কমানোর সম্ভাবনা এবং দেশের বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাবে সোনার দাম প্রায় ১% বৃদ্ধি পেয়ে MCX ফেব্রুয়ারি ফিউচারে ১,৩৫,২২৪ টাকা প্রতি ১০ গ্রাম এবং রূপার দাম ২,১৩,৪১২ টাকা প্রতি কেজি হয়েছে। রূপার দাম সকাল ৯:১৫টার দিকে ২,১৩,৮৪৪ টাকা প্রতি কেজি স্পর্শ করেছে।
- Dec 22, 2025 10:36 IST
West Bengal News Live Updates: ২৯৪ আসনেই লড়াইয়ের হুঙ্কার হুমায়ুনের
রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চমক। আর কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরোপাড়া মোড়ে আজ এক জনসভা করে তিনি নতুন দলের আত্মপ্রকাশ ঘটাবেন। নতুন দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন দল’। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হুমায়ুন কবীরের নতুন দলের ফ্লেক্স, পোস্টার ও ব্যানার চোখে পড়ছে। পোস্টারগুলিতে লেখা, “বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।”
- Dec 22, 2025 10:00 IST
WB News Live: পোষ্যদের জন্যই শেষমেশ জীবন খোয়ালেন বৃদ্ধ
পোষ্য বিড়ালদের খেতে দেওয়াটাই যেন হয়ে গিয়েছিল মস্ত 'অপরাধ'। সেই 'অপরাধ'-এর দরুন ভাড়াটিয়ার মারে প্রাণ গেল বিড়াল পালক বাড়িওয়ালার। মৃতের নাম সন্দীপ দত্ত (৫২)। তাঁর বাড়ি বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডের পীরপুকুরের বিজয়গড় পল্লীতে। অভিযুক্ত ভাড়াটিয়া সোমনাথ রায়কে পুলিশ গ্রেফতার করেছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। বিচারকের নির্দেশে অভিযুক্ত ভাড়াটিয়ার এখন ঠাঁই হয়েছে শ্রীঘরে।
- Dec 22, 2025 10:00 IST
WB News Live Updates: লটারিতেই কপাল খুলে গেল বধূর
বছর শেষের লগ্নে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় দরিদ্র অবস্থা থেকে কোটিপতি বনে গেলেন এক চা দোকানি বধূ। পূর্ব বর্ধমানের রায়নার উচালন গ্রামের বাসিন্দা ওই বধূর নাম জলি বিষয়ী। তিনি ৯০ টাকা খরচ করে কেটেছিলেন লটারির টিকিট। তাতেই লেগে গিয়েছে প্রথম পুরস্কার এক কোটি টাকা। লটারি টিকিটের দৌলতে দারিদ্র্যতা ঘোচায় খুশি জলি বিষয়ী ও তাঁর স্বামী টুলু বিষয়ী। এভাবে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দম্পতি।
- Dec 22, 2025 10:00 IST
Kolkata News Live Updates: বড়দিনের আগেই রেকর্ড ঠান্ডা?
বড়দিনের আগেই রাজ্যজুড়ে শীতের মারকাটারি আমেজ। উত্তুরে হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে পারদ। রবিবার কলকাতায় নথিভুক্ত হয়েছে চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় জবুথবু দশা শহর থেকে জেলা, সর্বত্রই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী দু’ থেকে তিন দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, বড়দিনের আগে ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
- Dec 22, 2025 10:00 IST
West Bengal News Live: ভাড়া বাড়ানোর পথে হাঁটল রেল
নতুন বছরের আগেই রেলযাত্রীদের জন্য বড় ধাক্কা। ভাড়া বাড়ানোর পথে হাঁটল ভারতীয় রেল। ২৬ ডিসেম্বর ২০২৫ থেকেই কার্যকর হবে নতুন ভাড়া ঘোষণা ভারতীয় রেলের। এই সিদ্ধান্তের ফলে জেনারেল, মেল/এক্সপ্রেস এবং সমস্ত AC শ্রেণির টিকিটের দাম বাড়বে। তবে স্বস্তির খবর, লোকাল ট্রেন (suburban services) এবং মাসিক সিজন টিকিট (MST)-এর ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি।
- Dec 22, 2025 09:59 IST
West Bengal News Live Updates: মমতাকে নিশানা হুমায়ুনের
আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ ২২ ডিসেম্বর আগের ঘোষণা মতই নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল গঠনের ঠিক আগে হুমায়ুন কবীর প্রকাশ্যে বলেছেন, বাবরি মসজিদ নির্মাণের জন্য শুধুমাত্র অর্থ বা ইট দান যথেষ্ট নয়, ভোট দেওয়াটাই আসল। তাঁর বক্তব্য, “মানুষ বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছেন, ইট দিচ্ছেন, অনলাইনেও অনুদান পাঠাচ্ছেন। কিন্তু মানুষ যদি তাঁকে বা তাঁর নতুন দলকে ভোট না দেয়, তাহলে এই মসজিদ কোনও দিন তৈরি হবে না।” তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস বা বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, তাহলে বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেবে না। তাঁর মতে, বাবরি মসজিদ নিশ্চিত করতে হলে তাঁর দলকে অন্তত ৯০টি বিধানসভা আসন জিততে হবে। তখনই রাজ্যের ক্ষমতার ‘চাবি’ তাঁদের হাতে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us