WB News updates: পাহাড় থেকে ভেসে এল আর্তনাদের আওয়াজ, হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা

পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আবহাওয়া ও জেলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের লাইভ নিউজে।

পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আবহাওয়া ও জেলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের লাইভ নিউজে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
25161

হিমাচলপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা

West Bengal News Highlights: হিমাচল প্রদেশের সিরমৌউর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো কমপক্ষে ১৪ জনের, আহত আরও ৫২। শুক্রবার দুপুরে হরিপুরধার বাজারের কাছে একটি বেসরকারি বাস প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। গুরুতর আহত ৩ জনকে আইজিএমসি শিমলাতে রেফার করা হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

Advertisment

জানা গেছে, শিমলা থেকে কুপভি যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। সকাল ৭টা ৩০ মিনিটে শিমলা থেকে রওনা দেওয়া বাসে মোট ৬৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মহিলা ও শিশুও ছিল। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ও স্বাস্থ্য দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ একাধিক রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় আই-প্যাকের দফতরে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ইডির বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে আইনি লড়াইও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়ে ইডির অভিযানকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি বাজেয়াপ্ত সমস্ত গোপনীয় দলিলপত্র অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে। অন্যদিকে, ইডি আদালতে দাখিল করা আবেদনে দাবি করেছে, আই-প্যাকের দফতরে তল্লাশি বাংলার কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সরকারি তদন্তে বাধা দিয়েছেন এবং বেশ কিছু নথি ছিনতাই করেছেন। 

publive-image

publive-image
ছবি-পার্থ পাল 

এই পরিস্থিতিতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার একটি প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা। ইডির এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসও। বিরোধী দলগুলির অভিযোগ, মোদী সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ও বেছে বেছে বিরোধী নেতাদের নিশানা করছে। এই ইস্যুতে রাজ্য রাজনীতি আরও সংঘাতপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গতকাল আইপ্যাকের অফিস ও কর্নধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের প্রতিবাদে শুক্রবার কলকাতায় শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। শুক্রবার দুপুর তিনটের কিছু সময় আগে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এদিনের মিছিল। হাজরা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল। এরপর বক্তব্য রাখতে রাখবেন তৃণমূল সুপ্রিমো। এদিকে আজই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূলের আট সাংসদ। সেখান থেকে মোদী-শাহের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দাবি, আই-প্যাকের দফতরে ইডির অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে ভয় দেখানো ও চাপের মধ্যে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আই-প্যাক শুধু রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবেই কাজ করে না, পাশাপাশি দলের আইটি ও মিডিয়া সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলে থাকে। সেই কারণে এই তল্লাশিকে দলীয় কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি কলকাতায় আই-প্যাকের সঙ্গে যুক্ত দুটি ঠিকানায় তল্লাশি চালায়। অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান আই-প্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেকের আই-প্যাক অফিসে। সেখানে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথি, হার্ড ডিস্ক এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ইডির বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশে কাজ করার অভিযোগ তোলেন এবং বলেন, শাসক দলকে হয়রানি করতেই এই অভিযান চালানো হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে উঠেছে এবং বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। গতকালের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালো ইডি। আইপ্যাকের অভিযান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি ইডির। প্রয়োজনে FIR দায়েরের আবেদন। পাশাপাশি যে ল্যাপটপ ও মোবাইল ও অন্যান্য নথি 'ছিনিয়ে' নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী সেগুলি ফিরিয়ে দেওয়ার দাবি জানালো ইডি। পাশাপাশি এই সময়ের মধ্যে সেগুলি থেকে যাতে কোন তথ্য প্রমাণ নষ্ট না হয় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আবেদনে কী পর্যবেক্ষণ হাইকোর্টের সেদিকেই তাকিয়ে গোটা দেশ। 

 আরও পড়ুন-IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED 

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক

আরও পড়ুন- “পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!

আরও পড়ুন- “এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায়"? আই-প্যাকের বিষয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু

  • Jan 09, 2026 15:56 IST

    I-PAC raids LIVE updates: আই-প্যাক কান্ডের প্রতিবাদে পথে বিজেপি, অবরুদ্ধ কলকাতা

    আই-প্যাক কান্ডের প্রতিবাদে পথে বিজেপিও। ধর্মতলায় ব্জেপির প্রতিবাদ কর্মসূচী। অবরুদ্ধে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। 



  • Jan 09, 2026 15:50 IST

    I-PAC raids LIVE updates: জরুরি শুনানির আবেদন ইডির

    জরুরি শুনানির জন্য আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছে ইডি। প্রধান বিচারপতি ইডিকে তাদের অনুরোধ সহ একটি ইমেল পাঠাতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে তিনি জরুরি ভিত্তিতে আবেদনটি  বিবেচনা করবেন।



  • Jan 09, 2026 15:33 IST

    I-PAC raids LIVE updates: রাজ্যপালকে খুনের হুমকি

    রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি। বৃহস্পতিবার গভীর রাতে একটি ইমেল মারফত রাজ্যপালকে হুমকি দেওয়া হয়েছে বলে লোক ভবনের তরফে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পরপরই কলকাতার লোক ভবনে রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। লোক ভবনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইমেলের মারফত রাজ্যপালকে ওই হুমকি দেওয়া হয়েছে। এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে গোটা ঘটনাটি রাজ্য পুলিশের (ডিজিপি)কে জানানো হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এই হুমকির বিষয়ে অবহিত করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এবং তাঁর সুরক্ষায় প্রায় ৬০ থেকে ৭০ জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছেন। হুমকির পর পরিস্থিতি মূল্যায়ন এবং বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে মধ্যরাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন আধিকারিকরা নিজেদের মধ্যে একটি বৈঠকও করেন।



  • Jan 09, 2026 15:28 IST

    I-PAC raids LIVE updates: রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসকে চিঠি বিজেপি প্রতিনিধিদলের

    ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসকে একটি চিঠি দিয়ে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে "অসাংবিধানিক আচরণ" বলে উল্লেখ করে এই বিষয়ে রাজ্যপালের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছে।



  • Jan 09, 2026 15:18 IST

    I-PAC raids LIVE updates: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি , গ্রেফতার ১

    বৃহস্পতিবার একটি পৃথক ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইমেলের মাধ্যমে রাজ্যপালকে ‘বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেও রাজ্য প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



  • Jan 09, 2026 14:50 IST

    I-PAC raids LIVE updates: গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

    গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। মেলা শুরুর আগে ঘটে গেল ভয়াবহ অঘটন। শুক্রবার সকালে গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুসারে, আগুনের গ্রাসে বেশ কয়েকটি অস্থায়ী তাঁবু সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এদিন ভোরে গঙ্গাসাগর মেলার কপিলমুনির মন্দির সংলগ্ন দু’নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, আগুনের তীব্রটা এতটাই তীব্র ছিল যে তা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য আশেপাশের এলাকা খালি করে দিয়েছে প্রশাসন। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।  কী কারণে আগুন লাগার ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 



  • Jan 09, 2026 14:47 IST

    I-PAC raids LIVE updates: ইডি-তৃণমূল জোড়া মামলার শুনানিতে চরম বিশৃঙ্খলা, পিছলো মামলার শুনানি

    ইডি-তৃণমূল জোড়া মামলার শুনানিতে চরম বিশৃঙ্খলা। এজলাস ছেড়ে উঠে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ১৪ জানুয়ারি এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। ওই দিনই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর। 



  • Jan 09, 2026 14:31 IST

    I-PAC raids LIVE updates: গণতন্ত্র ও সংবিধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে মমতা-শুভেন্দু

    আই-প্যাক সংক্রান্ত ইডি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আচরণ “সম্পূর্ণভাবে অপরাধমূলক” এবং এটি সংবিধানের উপর সরাসরি আঘাত।

    শুভেন্দু অধিকারীর অভিযোগ, ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রী যে ভাবে হস্তক্ষেপ করেছেন, তা রাজ্যে আইনি তদন্ত প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা। তাঁর দাবি, একজন সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে এ ধরনের ভূমিকা নজিরবিহীন ও অত্যন্ত উদ্বেগজনক।

    বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্যে আইন অনুযায়ী চলা তদন্তে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও সংবিধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে।



  • Jan 09, 2026 14:30 IST

    I-PAC raids LIVE updates: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ

    আই-প্যাক সংক্রান্ত ইডি অভিযানের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি অভিযোগ করেন, অর্থপাচার সংক্রান্ত একটি তদন্তে সরাসরি হস্তক্ষেপ করা স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

    রবিশঙ্কর প্রসাদের দাবি, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে আই-প্যাকের অফিসে যান, সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যান এবং ইডি আধিকারিকদের হুমকি দেন। তাঁর মতে, একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ কখনওই গ্রহণযোগ্য নয়।

    বিজেপি নেতার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ শুধু অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং সম্পূর্ণভাবে অসাংবিধানিক। তিনি আরও বলেন, এ ধরনের কাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সুনাম ক্ষুণ্ণ করছে।



  • Jan 09, 2026 14:22 IST

    I-PAC raids LIVE updates: সহানুভূতি আদায়ের চেষ্টা-অধীর

    আই-প্যাক সংক্রান্ত ইডি অভিযানের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ইডির অভিযানের পরেই তৃণমূল কংগ্রেস হঠাৎ করে দিল্লিতে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছে।

    অধীর চৌধুরীর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটলেও সেই সময় তৃণমূল কংগ্রেস নীরব ছিল। কিন্তু দলীয় স্বার্থে আঘাত লাগতেই দিল্লিতে প্রতিবাদ শুরু করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    কংগ্রেস নেতার মতে, এই প্রতিবাদ কর্মসূচির মূল উদ্দেশ্য রাজনৈতিক ও নির্বাচনী ফায়দা তোলা। তাঁর কটাক্ষ, ইডি অভিযানের ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।



  • Jan 09, 2026 14:20 IST

    I-PAC raids LIVE updates: এটি কোনও ‘তল্লাশি অভিযান’ নয়, ‘ডাকাতি’-মহুয়া

    আই-প্যাক সংক্রান্ত ইডি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন আটক তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। আটক হওয়ার পর তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক এক মাস আগে সাত বছরের পুরনো কয়লা মামলাকে সামনে এনে আই-প্যাকের দফতরে অভিযান চালানো হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল এবং প্রার্থী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে।

    মহুয়া মৈত্রের অভিযোগ, ইডি রাজনৈতিক তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাঁর কথায়, এটি কোনও ‘তল্লাশি অভিযান’ নয়, বরং একটি ‘ডাকাতি’। তিনি দাবি করেন, দলের অভ্যন্তরীণ তথ্য এবং কৌশলগত নথি কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে।

    এদিকে, মহুয়া মৈত্র আরও জানান, শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন। সেই সময় কোনও উসকানি ছাড়াই দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায় এবং আটক করে। এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণের সামিল বলেও তিনি মন্তব্য করেন।

    আই-প্যাক অভিযান এবং সাংসদদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।



  • Jan 09, 2026 14:09 IST

    West Bengal News Live Updates: মমতাকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার

    এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আই-প্যাকের দফতরে ইডির তল্লাশি নিয়ে মমতার প্রতিক্রিয়াকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

    হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, ইডি অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছে ‘অপরাধস্থলে’ প্রবেশ করেছেন এবং গুরুত্বপূর্ণ নথি সঙ্গে করে নিয়ে গিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগও তোলেন অসমের মুখ্যমন্ত্রী।

    অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন কার্যরত মুখ্যমন্ত্রীর পক্ষে তদন্তাধীন কোনও স্থানে ঢুকে পড়া, ফাইল সরিয়ে নেওয়া কিংবা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর কটাক্ষ, একজন মুখ্যমন্ত্রীর এভাবে তদন্ত প্রক্রিয়া ‘হাইজ্যাক’ করার চেষ্টা এবং মানুষকে ‘অপহরণ’ করার মতো আচরণ সাংবিধানিক দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী।

    এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস ইডি অভিযানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলছে, অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠছেন।



  • Jan 09, 2026 13:48 IST

    West Bengal News Live Updates: তল্লাশি চলাকালীন কীভাবে নথি হার্ডডিস্ক তুলে আনতে পারেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের


    তল্লাশি চলাকালীন কীভাবে নথি হার্ডডিস্ক তুলে আনতে পারেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। তাঁর শাস্তি হবে না? প্রশ্ন প্রাক্তন সাংসদের।  কীভাবে সংবিধান লঙ্ঘন করতে পারেন মুখ্যমন্ত্রী? এবার আর বাইরে ধর্না নয় এবার সরাসরি ভিতরে ঢুকে ফাইল নিয়ে আসলেন! আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন" মন্তব্য লকেটের। তিনি আরও বলেন,'যে অবস্থা উনি তৈরি করেছেন তাতে বোঝা যাচ্ছে বাংলা আসতে আসতে বাংলাদেশের দিকেই চলে যাচ্ছে'। 



  • Jan 09, 2026 13:15 IST

    West Bengal News Live Updates: ইডি অভিযান কান্ডে এবার মমতাকে তোপ শুভেন্দুর

    ইডির আদালতে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ইডির আদালতের দ্বারস্থ হওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারীর দাবি, অভিযুক্তদের গ্রেফতার করতে সিবিআই তদন্ত চেয়েছে ইডি এবং যাদের ছবি ও নাম পিটিশনে উল্লেখ করা হয়েছে, তাদের সবাইকে মামলার পার্টি করা হয়েছে। তাঁর বক্তব্য, “যা কিছু হয়েছে, সবটাই সবার চোখের সামনেই হয়েছে।”



  • Jan 09, 2026 12:38 IST

    West Bengal News Live Updates: ইডির বিরুদ্ধে FIR মুখ্যমন্ত্রীর

    পুলিশের স্বতঃপ্রণোদিত মামলার পর এবার মুখ্যমন্ত্রীর FIR। নথি চুরি এবং সরকারি কর্মীদের কাজে অন্যায় ভাবে বাধা দেওয়ার অভিযোগে এবার ইডির বিরুদ্ধে শেক্সপিয়র থানা ও সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের মুখ্যমন্ত্রীর। হুমকি, চুরি, অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগ FIR দায়ের করা হল।   



  • Jan 09, 2026 12:11 IST

    West Bengal News Live Updates: ইডির আদালতে যাওয়া সঠিক সিদ্ধান্ত, মন্তব্য শুভেন্দু অধিকারীর

    ইডির আদালতে যাওয়া সঠিক সিদ্ধান্ত। মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেন,  'অভিযুক্তদের গ্রেফতার করতে সিবিআই চেয়েছে ইডি। যাদের ছবিতে দেখা গিয়েছে পিটিশনে তাদের পার্টি করা হয়েছে। যা কিছু হয়েছে সব চোখের সামনে হয়েছে।' 



  • Jan 09, 2026 12:01 IST

    West Bengal News Live Updates: গতকালের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালো ইডি

    গতকালের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালো ইডি। আইপ্যাকের অভিযান চলাকালীন  মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি ইডির। প্রয়োজনে FIR দায়েরের আবেদন। পাশাপাশি যে ল্যাপটপ ও মোবাইল ও অন্যান্য নথি 'ছিনিয়ে' নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী   সেগুলি ফিরিয়ে দেওয়ার দাবি জানালো ইডি। পাশাপাশি এই সময়ের মধ্যে সেগুলি থেকে যাতে কোন তথ্য প্রমাণ নষ্ট না হয় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আবেদনে কী পর্যবেক্ষণ হাইকোর্টের সেদিকেই তাকিয়ে গোটা দেশ। 



  • Jan 09, 2026 11:20 IST

    West Bengal News Live Updates: জমি কেলেঙ্কারি মামলায় লালু যাদব পরিবারের বড় ধাক্কা, ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের পরিবারের বড় ধাক্কা লাগল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় লালু যাদব-সহ মোট ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

    সকল পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিশেষ সিবিআই আদালত শুক্রবার এই নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ খুলে গেল বলে মনে করা হচ্ছে।



  • Jan 09, 2026 11:18 IST

    West Bengal News Live Updates: ED অভিযানে রিপোর্ট তলব MEA-এর

    ইডি তল্লাশিকে ঘিরে তীব্র বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোটা ঘটনার উপর বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ইডি সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় কী ঘটেছিল, তার সম্পূর্ণ বিবরণ বেলা ১২টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।

    সূত্রের দাবি, অভিযানের প্রতিটি পর্যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি এবং তল্লাশির সময় উদ্ভূত পরিস্থিতি সংক্রান্ত তথ্য রিপোর্টে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।



  • Jan 09, 2026 11:02 IST

    West Bengal News Live Updates: আই-প্যাক ইডি অভিযানের প্রতিবাদে আজ মমতার মিছিল, দিল্লিতে অমিত শাহের দফতরের সামনে তৃণমূল সাংসদদের ধর্না

    আই-প্যাকের দপ্তর এবং সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশির প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) পথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে।

    এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আই-প্যাকের অফিসে পৌঁছান। সেই ঘটনার পর ইডি অভিযোগ করে, মুখ্যমন্ত্রী আই-প্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাসভবন থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে নিয়েছেন। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়।

    এদিকে, বৃহস্পতিবারই ইডি এবং আই-প্যাক উভয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়ে দায়ের হওয়া এই মামলাগুলি বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চে উত্থাপিত হয়েছে এবং শুক্রবার সেগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে, দিল্লিতেও প্রতিবাদে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বসেছেন দলের ৮ জন সাংসদ। এই ধর্নায় উপস্থিত রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং ডা. শর্মিলা সরকার। আই-প্যাক ইডি অভিযানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।



  • Jan 09, 2026 10:58 IST

    West Bengal News Live Updates: "দেশের বাকি অংশ আত্মসমর্পণ করলেও বাংলা প্রতিরোধ চালিয়ে যাবে"-অভিষেক

    "দেশের বাকি অংশ আত্মসমর্পণ করলেও  বাংলা প্রতিরোধ চালিয়ে যাবে" ইডি অভিযান কাণ্ডে প্রথম মুখ খুলে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিষেক লিখেছেন, ‘গণতন্ত্রকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। সংস্থাগুলিকে হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে।’ এরপরই তিনি লেখেন, ‘প্রতিবাদীদের জেলে ভরা হচ্ছে। ধর্ষকরা জামিন পাচ্ছে। বিজেপির কাছে এটাই নতুন ভারত।’ তিনি আরও লেখেন, 'ভারতের বাকি অংশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলেও বাংলা প্রতিরোধ করবে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন,তাদের পরাজিত করব'।  



  • Jan 09, 2026 09:58 IST

    West Bengal News Live Updates: তৃণমূলের প্রতিনিধিদের ধর্নাস্থল থেকে চ্যাংদোলা করে বের করল দিল্লি পুলিশ

    ইডি অভিযানের পালটা 'অ্যাকশনে' তৃণমূল। দিল্লিতে অমিত শাহের দফতরের সামনে ধর্নায় তৃণমূলের আট সাংসদ। দিল্লি পুলিশ আন্দোলনরত তৃণমূলের প্রতিনিধিদের ধর্নাস্থল থেকে চ্যাংদোলা করে বাইরে টেনে হিঁচড়ে বের করে দেয়। 



  • Jan 09, 2026 09:56 IST

    West Bengal News Live Updates: 'মমতা বাঘের বাচ্চা'-মহুয়া

    কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, "সারা দেশ দেখল ডাকাত দলের সর্দার অমিত শাহের অঙ্গুলিহেলনে কীভাবে ইডি ১০ বছরের পুরনো একটি মামলায় ইডি আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছে। ১০ বছরের পুরনো নথি এখন কি আপনারা আইপ্যাকের অফিস বা প্রতীক জৈনের বাড়িতে পাবেন নাকি আগামী নির্বাচনে তৃণমূলের রণকৌশল আপনারা পাবেন, মানুষ কিছু বোঝে না? বাংলার মানুষ কি বোকা?  মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন নেতার ক্ষমতা নেই ইডির কাছ থেকে নথি বার করে আনার। যেটা বার করে আনার দরকার সেটা বার করে এনেছেন। ইডির কোন অধিকার নেই বিজেপির দালাল হয়ে আমাদের নথি হাতিয়ে নেওয়া"। 



  • Jan 09, 2026 09:55 IST

    West Bengal News Live Updates: ইডি অভিযানের পালটা 'অ্যাকশনে' তৃণমূল দিল্লিতে অমিত শাহের দফতরের সামনে ধর্না

    ইডি অভিযানের পালটা 'অ্যাকশনে' তৃণমূল। দিল্লিতে অমিত শাহের দফতরের সামনে ধর্না ৮ সাংসদ। জানা গিয়েছে  প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং ডা. শর্মিলা সরকার। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 



bjp West Bengal ED mamata I-PAC