West Bengal News: টিএমসি-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র বেহালা, আগুন ধরিয়ে দেওয়া হল সভামঞ্চ, ধুন্ধুমার

West Bengal News Updates 25 January 2026: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের। মনিরুলের বিরুদ্ধে FIR থেকে আজকের আবহাওয়া, পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট।

West Bengal News Updates 25 January 2026: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের। মনিরুলের বিরুদ্ধে FIR থেকে আজকের আবহাওয়া, পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMC bjp clash behala

তৃণমূল বিজেপি সংঘর্ষ বেহালায়

Bengal News Update: বেহালা পশ্চিমে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন ইনচার্জ ও ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাষণ শেষ হতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভাস্থলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

Advertisment

বিপ্লব কুমার দেব সভাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে বলে দাবি বিজেপির। অভিযোগ অনুযায়ী, জনবহুল বাজারের মাঝখানে সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

বেহালায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল। রবিবার সখের বাজার এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

বিজেপি সূত্রে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জোরে গান বাজিয়ে তাদের সভায় বাধা দেয় এবং বিজেপি কর্মীদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি সমর্থকেরা তৃণমূল নেতা পোল্লের অফিসে ভাঙচুর চালান। পরবর্তীতে তৃণমূল সমর্থকেরা প্রতিশোধ হিসেবে বিজেপির সভামঞ্চে আগুন লাগিয়ে ভাঙচুর করে বলে দাবি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গুজরাটের বনাসকাঁথা জেলার আমিরগড়ের ইকবালগড় গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, রাজস্থান থেকে পালানপুর যাওয়ার পথে একটি যাত্রীবোঝাই একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটিতে মোট ন’জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক ভুল দিক দিয়ে এসে সজোরে গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির ভিতরে থাকা ছ’জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি তিন জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আমিরগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকার্য্য শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের  দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ভারী যন্ত্রপাতির সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়।

ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মাঝে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় AIMIM নেতা গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফে  (TMC) বেলডাঙার ঘটনার দায় বিজেপির উপর চাপানো হয়েছে। তৃণমূল জানিয়েছে AIMIM মুম্বইয়ে বিজেপির জোটসঙ্গী।  

এর আগে বেলডাঙায় অশান্তির জন্য শাসক তৃণমূল সরকারকেই দোষারোপ করেছিল বিজেপি। তবে AIMIM নেতা মতিউর রহমানের গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে নিশানা করেছে। পুলিশ জানিয়েছে, মতিউর রহমান, যিনি AIMIM-এর বেলডাঙা-১ ব্লক ইউনিটের সভাপতি, তিনিই বেলডাঙা কাণ্ডে উসকানির মূল প্ররোচক ছিলেন। তৃণমূলের পক্ষ প্রশ্ন তোলা হয়েছে  বেলডাঙার অশান্তি কি বিজেপি AIMIM-এর সাহায্যে পরিকল্পনা করেছিল? 

পুলিশের তরফে বিস্তারিত তদন্ত চলছে। মতিউরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উসকানিমূলক প্ররোচনা, সম্পত্তি ভাঙচুর, হামলার। তদন্তকারীরা জানিয়েছেন, একাধিক ভিডিওতে দেখা গেছে, রহমান সরাসরি হামলার ঘটনায় জড়িত ছিলেন।  

উল্লেখ্য, বেলডাঙায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুতে তোলপাড় শুরু হয়। তিনি ঝাড়খণ্ডে কাজ করতেন। তাঁর দেহ গ্রামের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, আন্দোলন তীব্র আকার ধারণ করে। জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি,  ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা চলে।

  • Jan 25, 2026 16:59 IST

    Bengal News Live: করুণ প্রহসনের মতো, জাতীয় ভোটার দিবস পালন নিয়ে কেন্দ্র-কমিশনকে খোঁচা

    "ভারতের নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত, এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার---আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত"। এক্স হ্যন্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর। তিনি আরও লিখেছেন, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার পরিবর্তে এবং বিধি-নিয়ম অনুসারে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নির্বাচন কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নামে নতুন-নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে! তাদের প্রভু বিজেপি-র হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার!! নির্বাচন কমিশনকে বলি: আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন, আপনাদের অত্যাচারের ফলেই এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০ , ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির হতে বাধ্য করছেন তা করার অধিকার কি আপনাদের আছে? এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলেই আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আপনারা এটা করছেন আপনাদের রাজনৈতিক প্রভুর নির্দেশে ও স্বার্থে"। 

    পাশাপাশি মমতা লিখেছেন, "এটাকে আপনারা নাগরিকদের জন্য NRC প্রক্রিয়া বানিয়ে তুলেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায় ও তপশিলি জাতি ও জনজাতির মানুষের জন্য এটা বিশেষ পীড়ার কারণ হয়েছে।

    নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। কিন্তু আপনাদের পক্ষপাত- দুষ্ট আচরণ এবং একতরফা বেআইনি কান্ডকারখানা, মাইক্রো অবজারভার প্রভৃতিদের দলে দলে পাঠিয়ে সেই নিগ্রহ বৃদ্ধি এবং মানুষকে দলে দলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পরিণতিতে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে। ভোটার দিবস পালনের কোনও অধিকার আপনাদের আজ নেই"।



  • Jan 25, 2026 14:53 IST

    Bengal News Live: ফের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের

     ফের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। সুদূর চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হলো সামিরুল শেখ নামে বছর ৩৮-এর এক যুবকের। 

    জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে একটি  বহুতল আবাসন নির্মাণের সময় আচমকাই পা পিছলে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    পরিবার সূত্রে জানা গেছে, সংসারে অভাবের কারণে   কয়েক মাস আগে চেন্নাই পাড়ি দিয়েছিলেন সামিরুল। প্রতিদিনের মতো বহুতল নির্মাণে কাজ করছিলেন তিনি। সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায় । খবর পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

    অবশেষে চেন্নাই থেকে দীর্ঘ পথ পেরিয়ে সামিরুলের নিথর দেহ গোডাপাড়া গ্রামে পৌঁছাতেই কান্নার রোল। একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে তার স্ত্রী ও দুই নাবালক সন্তান দিশেহারা। পরিবার সূত্রে জানানো হয়েছে, মৃত সামিরুলের উপর  দায়িত্ব ছিল পুরো পরিবারের। রাজমিস্ত্রির কাজে হাড়ভাঙা খাটুনি করে তিনি সন্তানের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন দেখতেন।

    স্থানীয় গ্রামবাসীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, "বাচ্চা দুটো তো ছোট, এখন ওদের পড়াশোনা আর সংসার চলবে কীভাবে?" তারা ব্লক প্রশাসন ও রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এই অসহায় পরিবারটির জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়।

    সামিরুল শেখের দেহ কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নার রোলে গ্রামে স্তব্ধ হয়ে যায়। দুই সন্তানের চোখে আশার আলো এখন নিভে গেছে। গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন।



  • Jan 25, 2026 14:10 IST

    Bengal News Live: ফের মৃত্যু মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের

    ফের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। সুদূর চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হলো সামিরুল শেখ (৩৮) বছর বয়স এক যুবকের। মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের গোডাপাড়া গ্রামে।



  • Jan 25, 2026 14:09 IST

    Bengal News Live: শশী পাঁজাকে শুনানির নোটিশ, গর্জে উঠল তৃণমূল

    "সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি! বিজেপি আর তাদের ‘দালাল’ নির্বাচন কমিশনের নির্লজ্জতা সব সীমা ছাড়িয়ে গেছে।

    বৈধ নথি থাকা সত্ত্বেও রাজ্যের মাননীয়া মন্ত্রীকে পর্যন্ত আজকে প্রমাণ করতে হবে তিনি একজন ভোটার? মাননীয়া শশী পাঁজাকে SIR-এর শুনানির নোটিশ পাঠিয়ে হেনস্থা করা, কমিশনের নগ্ন পক্ষপাতিত্বেরই প্রমাণ। 

    তথাকথিত এই ‘নিরপেক্ষ’ প্রতিষ্ঠানটি আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর হাতিয়ারে পরিণত হয়েছে। ধিক্কার এই মেরুদণ্ডহীন কমিশনকে"!



  • Jan 25, 2026 14:05 IST

    Bengal News Live: বাংলাদেশে আবারও আগুনে পুড়িয়ে হিন্দু যুবক খুনের ঘটনা

    বাংলাদেশে আবারো আগুনে পুড়িয়ে হিন্দু যুবক খুনের ঘটনা ঘটলো। ময়মনসিংহে দিপু চন্দ্র দাস এবং শরীয়তপুরে খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে মারার পর এবার নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় দোকানের শাটার আটকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো চঞ্চল ভৌমিককে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 



  • Jan 25, 2026 14:04 IST

    Bengal News Live: মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গলের নাম বাংলার ভোটার তালিকায়

    মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গলের নাম বাংলার ভোটার তালিকায়। নোটিশ জারি করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে তিনি মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থী ছিলেন। 

    বাংলায় চলমান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যে রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানো হচ্ছে, তা এবার বাস্তবে প্রমাণিত হয়েছে বলে দাবি করল শাসক দল।

    তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ভিন্‌রাজ্যের একাধিক ব্যক্তির নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। দলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবেই ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢুকিয়ে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে। তৃণমূলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ন্যায্য ভোটের মাধ্যমে জয়লাভ করতে না পারার আশঙ্কাতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বিজেপি।



  • Jan 25, 2026 13:58 IST

    Bengal News Live: রাজ্যে এবার বিজেপির নব নিযুক্ত সর্বভারতীয় সভাপতি

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি দু দিনের বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। সফরকালীন  সময় তিনি দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন। দলীয় সূত্রের খবর, তার সফরের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ রাজ্যে দু দিনের সফরে আসবেন।



  • Jan 25, 2026 13:39 IST

    Bengal News Live: জাতীয় কন্যা শিশু দিবসে রাজ্য সরকারের নারী ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত মমতার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কন্যা শিশু দিবসে রাজ্য সরকারের নারী ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে পরিচালিত বিভিন্ন সামাজিক কর্মসূচি মেয়েদের বিভিন্ন স্তরে সাহায্য করে, যাতে তারা স্বনির্ভর হতে পারে। মুখ্যমন্ত্রী মেয়েদের “আমাদের সমাজের ভবিষ্যৎ স্থপতি” আখ্যায়িত করে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক স্বাধীনতার ওপর জোর দিয়ে রাজ্যের নানা সামাজিক কর্মসূচির কথা তুলে ধরেছেন।

    মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্টে বলেছেন, “পশ্চিমবঙ্গে আমরা কেবল একটি দিনে কন্যা শিশুকে উদযাপন করি না, বরং বছরের প্রতিটি দিন, জীবনের প্রতিটি মোড়ে মেয়েদের শক্তিশালী করে তুলি। জন্ম থেকে শিক্ষা এবং স্বনির্ভর হওয়ার প্রতিটি ধাপে আমাদের সরকার তাদের পাশে দাঁড়ায়।” তিনি উল্লেখ করেছেন যে মেয়েদের ক্ষমতায়নের যাত্রা জন্মের সঙ্গে শুরু হয়। তিনি বলেন, “এই যাত্রা কন্যাশ্রী থেকে শুরু হয়েছে, যা মেয়েদের শিক্ষা ও কল্যাণে সহায়তা করার জন্য এবং বাল্য বিবাহকে প্রতিহত করার জন্য বিশ্বজুড়ে স্বীকৃত ও পুরস্কৃত উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে ১ কোটি মেয়েকে দীর্ঘ মেয়াদে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”

    মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সবুজ সাথী কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সাইকেল প্রদান করে স্কুলে যাতায়াত সহজ করা হয়। এছাড়া শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী ও তরুণের স্বপ্নের মতো কর্মসূচির মাধ্যমে মেয়েদের সহায়তা প্রদান করা হয়। মেয়েরা যখন বিবাহিত হয়, তখন রুপশ্রী কর্মসূচির আওতায় এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর প্রাপ্তবয়স্ক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যার মাধ্যমে বর্তমানে ২.২১ কোটি মহিলা উপকৃত হচ্ছে। 

    মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, “পরিবারের প্রধান হিসেবে, মহিলারা স্বাস্থ্যসাথী কার্ড পান, যা বছরে ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা নিশ্চিত করে। আজ, বঙ্গের মেয়েরা বিজ্ঞানের ল্যাবরেটরি থেকে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষতা প্রদর্শন করছে।” তিনি যোগ করেন, “আমরা তাদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি, যেখানে তারা স্বাধীনভাবে শ্বাস নিতে পারে, নির্ভয়ে শিখতে পারে এবং সাহসী নেতৃত্ব দিতে পারে। জয় হিন্দ! জয় বাংলা।”



  • Jan 25, 2026 13:34 IST

    Bengal News Live: নেতাজীর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার অনুরোধে কী জানালেন মোদী?

    নেতাজীর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার জন্য বারে বারে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানানো হলেও মেলেনি কোন উত্তর। এমনই 'বিস্ফোরক' মন্তব্যে তোলপাড় ফেললেন  কন্যা অনিতা বসু পাফ। শনিবার দ্য ওয়্যার-কে দেওয়া ২৬ মিনিটের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে অনিতা দাবি করেন, “আমি কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। শেষবার ২০২২ সালে দিল্লিতে আমার নেতাজির মূর্তি উন্মোচনের সময়। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি শর্ত দিয়েছিলাম, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাবার চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাই, তবেই আমি আসব। কিন্তু তার কোনও উত্তর আসেনি।” তিনি আরও জানান, এর আগেও তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন, সেক্ষেত্রেও কোনও জবাব পাননি। তিনি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী মোদীকে তিনি  এবিষয়ে অন্তত “২ থেকে তিনবার" চিঠি লিখেছেন।  অনিতা আরও জানান, ঠতিনি দেশের বর্তমান রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের আবেদন করেছিলেন, তবে সেই অনুরোধও গ্রহণ করা হয়নি"।

    সরকারের অনীহার কারণ কী? এই প্রশ্নে অনিতা  বলেন, “নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। একজন রাজনীতিক সাধারণত এমন কোনও সিদ্ধান্ত নেন না, যা তাঁর নির্বাচনে প্রভাব ফেলে। এটি একটি আবেগঘন বিষয়, যা দল বা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রাজনীতিকরা সাধারণত তখনই কিছু করেন, যখন নিশ্চিত হন যে তাতে তাঁদের লাভ হবে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হয়তো নেতাজীকে সম্মান করেন এবং শ্রদ্ধা জানাতে চান, তবে একই সঙ্গে এমন কোনও পদক্ষেপ নেবেন না, যা বিতর্কের জন্ম দিতে পারে।

    এদিকে, নেতাজির প্রপৌত্র ও ইতিহাসবিদ সুগত বসু এই প্রসঙ্গে বলেন, “এটি কোনও পারিবারিক বিষয় নয়, এটি একটি জাতীয় ইস্যু। যদি কখনও এই কাজ সম্পন্ন  হয়, তবে তা সর্বোচ্চ মর্যাদা ও সরকারের সর্বোচ্চ স্তরে সম্পন্ন হওয়া উচিত। বর্তমানে সেই পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে হয়।”



  • Jan 25, 2026 13:33 IST

    Bengal News Live: শুনানির জন্য নোটিশ পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় বাংলা অভিনেত্রী মিমি চক্রবর্তী

    বাংলায় চলমান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই শুনানি প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা দেবের পর এবার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুনানির জন্য নোটিশ পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় বাংলা অভিনেত্রী মিমি চক্রবর্তীও। 



  • Jan 25, 2026 12:17 IST

    West Bengal News Live: ২৯৪ জন সিনিয়র মাইক্রো-অবজারভার নিয়োগ

    পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তির শুনানি প্রক্রিয়া খতিয়ে দেখতে আরও কড়া নজরদারির ব্যবস্থা করল নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন কমিশন (ECI) রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ২৯৪ জন সিনিয়র মাইক্রো-অবজারভার নিয়োগ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সিনিয়র মাইক্রো-অবজারভার থাকবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।



  • Jan 25, 2026 12:17 IST

    West Bengal News Live: জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে পথে নামতে চলেছে শাসকদল

    জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে পথে নামতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লকে দুটি করে মিছিল করবে তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং দলীয় বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে শাসক শিবির। এর মধ্যেই আসন্ন নির্বাচনের আবহে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শেষ পর্যায়ে দলীয় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচিকে সফল করার পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত কাজেও সংগঠনকে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন তিনি।



  • Jan 25, 2026 12:16 IST

    West Bengal News Live:কোচবিহারের মেখলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

    কোচবিহারের মেখলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ সামনে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় মেখলিগঞ্জের জামালদহ এলাকা। অভিযুক্ত বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালদহ ফাঁড়িতে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
    বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক আকার নেয়। অভিযোগ, উত্তেজিত জনতা ফাঁড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করলে ঘটনাস্থলে থাকা মেখলিগঞ্জ থানার ওসি আহত হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
    এদিকে, ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আজ জামালদহ সচেতন নাগরিক মঞ্চের তরফে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে জন্য জামালদহ ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।



  • Jan 25, 2026 11:22 IST

    West Bengal News Live: খুন নয় আত্মহত্যাই, নিশ্চিত করল পুলিশ, বেলডাঙ্গা হিংসা নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিজেপি

    ঝাড়খণ্ডে গত সপ্তাহে বাংলার পরিযায়ী শ্রমিকের  অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছিল, সেই পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ আত্মহত্যাই করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মৃত শ্রমিকের ময়নাতদন্ত রিপোর্ট এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তদন্তে খুন বা কোনও ধরনের ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি বলে স্পষ্ট করা হয়েছে।



  • Jan 25, 2026 11:12 IST

    West Bengal News Live: বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা

    বাংলাদেশের নরসিংদীতে মর্মান্তিক হত্যাকাণ্ড। হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ। জানা গিয়েছে ২৩ বছর বয়সী ওই  হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। তাকে গ্যারেজের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতের ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। 



  • Jan 25, 2026 10:30 IST

    West Bengal News Live: শুনানিতে ডাক পেলেন শশী পাঁজা

    রাজ্যে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই শুনানিতে ডাক পেলেন দাপুটে মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন কমিশনের তরফে তিনি শুনানির নোটিস পেয়েছেন। আজ রবিবার দুপুর ২টো নাগাদ কেশব অ্যাকাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফে জানা গিয়েছে এসআইআর ফর্মে নথি সংক্রান্ত কিছু সমস্যা হওয়ায় তলব করা হয়েছে রাজ্যের এই দাপুটে মন্ত্রীকে। এর আগে রাজ্যে এসআই চলাকালীন তলব করা হয়েছে একাধিক হেভিওয়েটকেই। যাকে কেন্দ্র করে বারে বারে কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। 



  • Jan 25, 2026 10:07 IST

    West Bengal News Live: এসআইআর শুনানি পর্ব খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত মাইক্রো অবসারভার

    কুমার গঞ্জে বিডিও অফিসে এসআইআর শুনানি পর্ব খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত মাইক্রো অবসারভার। অভিযোগ মাইক্রো অভসারভারকে চড় মারা হয়। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 



  • Jan 25, 2026 10:00 IST

    West Bengal News Live: নিউটাউনে রবিবার সকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর


    নিউটাউনে রবিবার সকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। জানা গিয়েছে, মৃতের নাম  ত্রিদিপ চৌধুরী। ওই ব্যক্তি নিউটাউনের বিশ্ববাংলা গেটের দিক থেকে একটি স্কুটারে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন। ইকোপার্কের এক নম্বর ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কার অভিঘাতে তিনি স্কুটার থেকে ছিটকে পড়েন এবং মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ত্রিদিপকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ত্রিদিপ চৌধুরীর বাড়ি বাগুইআটি এলাকায়। পথদুর্ঘটনার এই ঘটনায় নিউটাউন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।



  • Jan 25, 2026 09:31 IST

    West Bengal News Live: ছেলের নামে SIR নোটিস, হাতে পেয়েই গুরুতর অসুস্থ বাবা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ

    স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারে। শনিবার কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের পারাদুবি পঞ্চায়েতের খাতেরবাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছরের রহমান বাস্তাদারের মৃত্যু হয়। অভিযোগ, ছেলের ভোটার তালিকা সংক্রান্ত নোটিস ঘিরে মানসিক চাপে পড়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।



  • Jan 25, 2026 09:10 IST

    West Bengal News Live: সাড়ে তিন লক্ষ আনম্যাপড ভোটার শুনানিতে গড়হাজির

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত বিপুল সংখ্যক ভোটার শুনানিতে হাজির না হওয়ায় উদ্বেগ বাড়ছে নির্বাচন কমিশনের অন্দরমহলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন লক্ষ আনম্যাপড ভোটার নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে উপস্থিত হননি।

    এই সপ্তাহে আনম্যাপড ভোটারদের জন্য নির্ধারিত প্রথম দফার শুনানির শেষ তারিখ ছিল। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন শুনানির সময়সীমা বাড়িয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। কমিশনের আশা, বাড়তি সময়ে আরও বেশি সংখ্যক ভোটার তাঁদের নথি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে হাজির হবেন।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথম ধাপে প্রায় ৩২ লক্ষ ভোটারকে আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ, এই ভোটাররা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনও যোগসূত্র প্রমাণ করতে পারেননি। সেই কারণেই তাঁদের শুনানির জন্য ডাকা হয়।

    কমিশন আধিকারিকদের মতে, এত বড় সংখ্যক ভোটারের অনুপস্থিতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে জটিল করে তুলছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট ভোটারদের দ্রুত নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।



  • Jan 25, 2026 09:09 IST

    West Bengal News Live: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার (২৬ জানুয়ারি, ২০২৬) নির্বাচন কমিশন (ECI) তাদের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, এই তালিকা এখন জেলা নির্বাচনী আধিকারিকরা ডাউনলোড করবেন এবং আদালতের নির্দেশ মেনে গ্রাম পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে টাঙানো হবে।

    এর আগে, গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকায় যাদের নাম রয়েছে সেই সকল ভোটারদের নাম গ্রাম পঞ্চায়েত ভবন, পুরসভা, ওয়ার্ড অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে টাঙাতে হবে। আদালত জানায়, রাজ্যে প্রায় ১.২৫ কোটি ভোটারের নাম এই ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “আনম্যাপড ভোটার এবং লজিক্যাল ডিসক্রেপ্যান্সি তালিকাভুক্ত ভোটারদের নাম আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।”

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে উত্তরাধিকার (progeny linking) সংক্রান্ত অসঙ্গতিগুলিকেই ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকের নামের অমিল, অথবা ভোটার ও তার অভিভাবকের বয়সের পার্থক্য ১৫ বছরের কম কিংবা ৫০ বছরের বেশি হওয়ার মতো বিষয়গুলি।



  • Jan 25, 2026 09:05 IST

    West Bengal News Live: রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু

     রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেই বেশি পরিচিত। ২৫ জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশের তরফে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী যানবাহনগুলিকে ঘুরপথে চলাচল করতে হবে। বিকল্প রুট ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিতে সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত ১৪ ডিসেম্বর প্রায় ৮ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের দীর্ঘ সময়ের জন্য সেতু বন্ধ থাকায় শহরবাসীর যাতায়াতে কিছুটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।



  • Jan 25, 2026 09:02 IST

    West Bengal News Live: চলল গুলি

    পারিবারিক অশান্তিতে চলল গুলি। কুলতলী থানার মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া ঘটনা। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ রফিকুল মোল্লার বিরুদ্ধে । বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আঘাতে আহত হন নাজমুল হক মোল্লা ও হাকিমুল মোল্লা । ঘটনার খবর পেয়ে ঘটনার তলে যা কুলতলী থানার পুলিশ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



West Bengal News Live West Bengal News Netaji 129th Birth Anniversary Bengal BJP