/indian-express-bangla/media/media_files/2025/06/18/High court-a2e77e2c.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news updates: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈন। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আইপ্যাক কর্ণধারের। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে আইপ্যাক কর্ণধার। তাঁর বাড়ি, অফিসে ইডি হানার পর হাইকোর্টের দ্বারস্থ প্রতীক। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। পুরনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ি-অফিসে ইডি অভিযান চালায়। আগেভাগে কোনও নোটিশ বা কোনও কথা না জানিয়েই তাঁর বাড়ি এবং অফিসে ইডির হানা নিয়ে সোচ্চার প্রতীক জৈন। হঠাৎ কেন এভাবে তাঁর বাড়ি-অফিসে ইডির হানা? এই বিষয়টি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাইলেন প্রতীক জৈন। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার সম্ভাবনা রয়েছে।
কলকাতার চাঁদনি চক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে আচমকা চাঁদনি চক এলাকার রাস্তার ধারে সারি সারি শীতবস্ত্র বিক্রির দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে ভয়ানক আকার নেয় আগুন। পরপর বহু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর দোকানের সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আইপ্যাকে তল্লাশিতে বাধা, হাইকোর্টের দ্বারস্থ ইডি। জরুরি ভিত্তিতে মামলা দায়ের অনুমতি। বিচার পতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের। আগামীকালই শুনানির সম্ভাবনা।
কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ কলকাতায় আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিযানের মধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়ায়, যার কেন্দ্রে উঠে আসে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ইডির অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে একটি ফাইল হাতে নিয়ে সেখান থেকে বেরোতে দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই অভিযান পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, “সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হচ্ছে। আমার দলের তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।”মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি ইডি অভিযানের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানকে তুলে ধরে।
তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার এবং কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে রাজ্য ও জাতীয় স্তরে বিষয়টি নিয়ে সরব হওয়ার পরিকল্পনা করছে দল।এদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান লঙ্ঘন করছেন। তিনি কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিচ্ছেন।”এই ঘটনাকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন আরও প্রকাশ্যে এসেছে। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলিতে যেমন রাজনৈতিক তরজা বেড়েছে, এই ঘটনা সেই মেরুকরণকে আরও তীব্র করল। প্রতীক জৈনের বাড়ির পর এবার সল্টলেকের আইপ্যাকের অফিসেও মমতা। সকাল থেকে এখানে কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের আইপ্যাকের অফিস থেকে একাধিক নথি বের করে আনেন পুলিশ আধিকারিকরা। সেগুলি সরাসরি তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। গাড়ি ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আওতায় নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে বিএলও ওই নোটিশ পৌঁছে দেন। নোটিশে অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, ঘোষণাপত্র অনুযায়ী তাঁর ও তাঁর মায়ের বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা অস্বাভাবিক বলেই নথি যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
পরিবারের তরফে জানানো হয়েছে, আইনি পরামর্শ নিয়ে নোটিশ গ্রহণ করা হয়েছে। কমিশনের তরফে ১৬ জানুয়ারি প্রতীচীতেই শুনানির দিন ধার্য করে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। এই নোটিশকে ‘হয়রানি’ বলে দাবি করেছে অমর্ত্য সেনের পরিবার ও তৃণমূল কংগ্রেস।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পরবর্তী ধাপে তৎপর নির্বাচন কমিশন। এসআইআর ফর্মে তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ধরা পড়ায় প্রায় ৯৫ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে আগামী চার-পাঁচ দিনের মধ্যে নোটিশ জারির নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, শুনানি ও নথি যাচাই চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে এত বিপুল সংখ্যক ভোটারের যাচাই বড় প্রশাসনিক চ্যালেঞ্জ বলে মানছেন আধিকারিকরা।
কমিশনের দাবি, এই ৯৫ লক্ষ ভোটারের মধ্যে বহু ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে বয়সের ফারাক অস্বাভাবিক, একই অভিভাবকের নামে একাধিক ভোটার নথিভুক্ত কিংবা সম্পর্কের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে নির্ভুল ভোটার তালিকা প্রকাশই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
নদিয়ার কৃষ্ণনগরের বুধবার বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ তিন জনের। আহত অন্তত ছ’জন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়াপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা কৃষ্ণনগরগামী একটি বাসকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ, ধুবুলিয়া থানার অন্তর্গত এনএইচ-১২-এর বাহাদুরপুরের কাছে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিশ যৌথভাবে আহত যাত্রীদের উদ্ধার করে কৃষ্ণনগরের নদিয়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃতদের মধ্যে রয়েছেন ২৬ বছরের রাজিনা খাতুন এবং ৬ বছরের শিশু রশিদ শেখ। তৃতীয় মৃতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই কৃষ্ণনগরমুখী বাসের যাত্রী ছিলেন। কৃষ্ণনগর পুলিশ জেলার এক সিনিয়র আধিকারিক বলেন, “একই লেনে অতিরিক্ত গতিতে বাস চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এই দুর্ঘটনা সহজেই এড়ানো যেত।” দুর্ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দু’দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসই বাজেয়াপ্ত করে ধুবুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের
- Jan 08, 2026 14:21 IST
West Bengal News LIVE Updates: অসংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী, গর্জে উঠলেন শুভেন্দু
কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও তৎপরতা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির পদক্ষেপ করা উচিত।
এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা বেরোবে। সম্পূর্ণ অনৈতিক এবং অসংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখনই ইডির ব্যবস্থা নেওয়া উচিত।”
- Jan 08, 2026 14:20 IST
West Bengal News LIVE Updates: আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চরম উত্তেজনা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। কয়লা পাচার মামলায় ইডি যখন আই-প্যাকের অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।
- Jan 08, 2026 13:37 IST
West Bengal News LIVE Updates:বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের বাসভবন ও আই-প্যাক অফিসে ইডির তল্লাশি
কলকাতায় আই-প্যাকের দফতরে ইডির তল্লাশি ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। বৃহস্পতিবার ইডির অভিযানের মাঝেই আই-প্যাক কর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাসভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। কিছুক্ষণ পর সল্টলেকের আই-প্যাক অফিসেও যান মুখ্যমন্ত্রী।
তল্লাশি চলাকালীন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ইডি তাঁর দলের নথি, হার্ডডিস্ক এবং প্রার্থী সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, নির্বাচনের আগে কীভাবে একটি রাজনৈতিক দলের হার্ডডিস্ক ও প্রার্থী তালিকা সংগ্রহ করা ইডির কাজ হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে মমতা বলেন, “দেশকে রক্ষা করতে না পারা এক ‘নাস্টি’ ও ‘নটি’ স্বরাষ্ট্রমন্ত্রী আমার দলের সব নথি নিয়ে যাচ্ছেন। আমি যদি বিজেপি অফিসে অভিযান চালাই, তাহলে কী হবে?” তাঁর দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য জোগাড় করতেই এই তল্লাশি চালানো হচ্ছে।
একই সঙ্গে এসআইআর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, একদিকে ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে শাসকদলের উপর চাপ তৈরি করা হচ্ছে। ইডির এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় তৃণমূল নেতৃত্ব।
- Jan 08, 2026 11:23 IST
West Bengal News LIVE Updates: মালদায় অভিষেকের সভা, নজরে পরিযায়ী নির্যাতন
প্রাক-নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সভা করবেন অভিষেক, যেখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের উপস্থিতি থাকার কথা। দলীয় নেতৃত্বের মতে, আসন্ন বিধানসভা ভোটে পরিযায়ী শ্রমিক ইস্যুকেই অন্যতম প্রধান হাতিয়ার করতে চলেছে তৃণমূল।
- Jan 08, 2026 10:15 IST
West Bengal News LIVE Updates: মোদী-শাহের পর রাজ্যে নাড্ডা
আজ থেকেই দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দলীয় সূত্রে জানা গিয়েছে, সফরকালে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেবেন। বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।
- Jan 08, 2026 09:50 IST
Kolkata News LIVE Updates: SIR প্রক্রিয়া নিয়ে অযথা ভয় ছড়ানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই মতুয়া সমাজকে আশ্বাসের বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় মতুয়াদের শক্তঘাঁটিতে এক জনসভায় তিনি স্পষ্ট জানান, কোনও প্রকৃত মতুয়া ভোটারের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়বে না।
- Jan 08, 2026 09:03 IST
Kolkata Weather LIVE Updates: ভয়ঙ্কর ঠান্ডার শীতল সুনামি, দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ১ ডিগ্রিতে
শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। টানা দু’দিন ধরে কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ভোরের দিক থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল শহরবাসী। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us