/indian-express-bangla/media/media_files/2026/01/05/west-bengal-sir-hearing-dev-mohammed-shami-voter-list-controversy-2026-01-05-14-45-32.jpg)
জয় গোস্বামীর পর দেব, মহম্মদ শামি, শুনানিতে ডাক একের পর এক তারকা
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি। তালিকায় নাম, ঠিকানা, নথি ও ম্যাপিং সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ সামনে আসায় বহু ভোটারকে শুনানির জন্য তলব করা হচ্ছে। এই তালিকায় এবার উঠে এসেছে একাধিক পরিচিত মুখের নামও। বাংলা চলচ্চিত্র অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ দেব এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতার পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, ক্রিকেটার মহম্মদ শামির কাছে শুনানির নোটিশ পৌঁছেছে। উত্তরপ্রদেশে জন্ম হলেও দীর্ঘদিন ধরে যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার শামি। সূত্রের দাবি, তাঁর SIR ফর্মে কিছু অসঙ্গতির কারণেই তাঁকে তলব করা হয়েছে। একইসঙ্গে ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকেও SIR শুনানির জন্য ডাকা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর আগে কবি জয় গোস্বামীকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছিল, যা নিয়ে তিনি ও তাঁর মেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজ্যজুড়ে SIR শুনানি চলছে। ফর্মে ভুল, নথির ঘাটতি বা ভুল ম্যাপিংয়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে। প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদেরও শুনানির মুখোমুখি হতে হয়েছে। বুধবার শুনানিতে হাজির হন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী লাবণী সরকার।
এই প্রসঙ্গে কাউন্সিলর মৌসুমী দাস অভিযোগ করে বলেন, “সব ধরনের মানুষকে ডাকা হচ্ছে। লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটার মহম্মদ শামি কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। দেব একজন সাংসদ, তাকেও ডাকা হয়েছে। এটা হয়রানি ছাড়া আর কিছু নয়। শুনানিতে অপ্রাসঙ্গিক প্রশ্নও করা হচ্ছে।” যদিও দেব নিজে TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও ফোন বা সমনের বিষয়ে অবগত নন।
আরও পড়ুন-হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বিরাট ধাক্কা, দিল্লি দাঙ্গা মামলায় আরও বিপাকে উমর খালিদ, শারজিল ইমাম
SIR ইস্যুতে রাজ্য রাজনীতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এই প্রক্রিয়াকে “অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন এবং রাজ্যের দাবি পূরণ না হলে SIR স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us