/indian-express-bangla/media/media_files/2025/12/29/sir-2025-12-29-13-29-17.jpg)
SIR hearing: প্রতীকী ছবি।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত সমস্ত শুনানি আগামী সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে নোটিস জারি, শুনানি পর্ব এবং নথি আপলোডের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কমিশনের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন-আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চের বৈঠকে এই নির্দেশিকা জারি করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত, সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা (ERO)।
নির্দেশ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সমস্ত শুনানির নোটিস জারি করতে হবে। এরপর পরবর্তী সাত দিনের মধ্যেই সব শুনানি সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট নথিপত্র নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। ইতিমধ্যেই যে শুনানিগুলি হয়েছে, সেগুলির নথি ২ ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এক আধিকারিক জানান, “এই সময়সীমা কোনওভাবেই শিথিল করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধন প্রক্রিয়া শেষ করাই লক্ষ্য।”
আরও পড়ুন-SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা
এছাড়াও, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজারভারকে শুনানি কেন্দ্র থেকে প্রত্যাহার করে রোল অবজারভারদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের বক্তব্য, মাইক্রো অবজারভারদের মূল কাজ হবে রোল অবজারভার স্তরে নজরদারি আরও শক্তিশালী করা। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কোনও বিলম্বের প্রশ্নই নেই।
উল্লেখ্য, এর আগে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে রাজ্যের বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাঁর অধীনে রোল অবজারভারদের পাশাপাশি সাত হাজারেরও বেশি মাইক্রো অবজারভারকে শুনানি প্রক্রিয়া তদারকির জন্য নামানো হয়।
এদিকে, উপ-মুখ্য নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার বৃহস্পতিবার রাজ্যে পৌঁছেছেন। তিনি তিন দিনের জন্য বাংলায় থাকবেন। এই সময়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করে SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি ও তাঁর দল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us