/indian-express-bangla/media/media_files/2025/12/21/west-bengal-weather-fog-alert-kolkata-next-3-days-forecast-2025-12-21-09-13-20.jpg)
শনিবার সকাল থেকেই কুয়াশার ঘন চাদরে ঢেকে যায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
Weather Updates West Bengal:শনিবার সকাল থেকেই কুয়াশার ঘন চাদরে ঢেকে যায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আজ রবিবারেও তার ব্যাতিক্রম নেই। শুধু রাজধানী নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেই দিনের শুরুটা হয় ঘন কুয়াশার মধ্যে দিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত এলাকায় কুয়াশা ছড়িয়ে পড়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝাই আপাতত ঠান্ডার প্রবেশে বাধা সৃষ্টি করেছে। এর জেরেই বাংলায় তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার দাপট বেড়েছে। রোদের অভাবে সারাদিন শীতের মতো আবহাওয়া অনুভূত হলেও প্রকৃতপক্ষে ঠান্ডার তীব্রতা এখন তুলনামূলক কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যজুড়ে কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব স্পষ্ট। শনিবার সকালে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়। রবিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালে ও রাতে ঠান্ডা কিছুটা অনুভূত হলেও দিনের বেলায় ঠান্ডার দাপট কম থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী পাঁচ দিন রাজ্যে মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পাহাড়ি এলাকায় অবশ্য শীতের প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। শনিবার সকালে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে ছিল ১১ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার, যেখানে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও বর্ধমানে ১১.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৯ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পারদ নামতে পারে। ফলে বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের প্রভাব কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us