/indian-express-bangla/media/media_files/2026/01/11/west-bengal-weather-update-cold-wave-kolkata-south-bengal-2026-01-11-08-35-53.jpg)
সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে।
Kolkata Weather Updates: কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত শীতের দাপট। এখনই ঠান্ডা কমার কোনও ইঙ্গিত নেই বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পৌষ মাসের শেষ লগ্নে আপাতত শীত বিদায় নিচ্ছে না বাংলা থেকে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে চলবে ‘কোল্ড ডে’ পরিস্থিতি এবং শৈত্যপ্রবাহের প্রভাব। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৪ ডিগ্রি কম। গোটা সপ্তাহ জুড়েই হাড়কাঁপানো ঠান্ডায় কাবু রাজ্যবাসী। চলতি সপ্তাহের মাঝামাঝি কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় ১০ ডিগ্রিতে। নতুন সপ্তাহ শুরু হলেও শীত থেকে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৫ থেকে ৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ জুড়েই রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মকর সংক্রান্তির সময়েও 'কনকনে ঠান্ডা' অনুভূত হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।
আরও পড়ুন- শুভেন্দুর কনভয়ে হামলা, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, তোলপাড় রাজ্য-রাজনীতি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে পারদ ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে, তবে তার পরবর্তী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অর্থাৎ, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি নীচে থাকবে। শীত ধীরে ধীরে কিছুটা কমলেও আপাতত বিদায় নেবে না। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় থাকবে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি কম থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা কমে ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকতে পারে।
কলকাতার ক্ষেত্রেও শীতের প্রকোপ স্পষ্ট। চলতি সপ্তাহে মঙ্গলবার ছিল শহরের সবচেয়ে ঠান্ডা দিন, সেদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য ১–২ ডিগ্রি বাড়তে পারে, তবে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকায় শীতের অনুভূতি কমবে না। আগামী সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
শুধু কলকাতা নয়, রাজ্যের বহু জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। শ্রীনিকেতন, বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬.৬ ডিগ্রিতে। কল্যাণী, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, সিউড়ি, বহরমপুর, দীঘা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পানাগড়ের মতো এলাকাতেও তীব্র শীত অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম।
সব মিলিয়ে, উত্তুরে হাওয়া ও কুয়াশার দাপটে আগামী কয়েক দিন জুড়েই শীতের কড়া প্রভাবের মধ্যে থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যবাসীকে আরও কিছু দিন শীতের এই কনকনে আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- বাংলাদেশে ফের হিন্দু যুবককে বিষ খাইয়ে হত্যা, ইউনূসের দেশে আতঙ্ক বাড়ছে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us