/indian-express-bangla/media/media_files/2026/01/10/kolkata-weather-latest-update-cold-wave-relief-imd-forecast-2026-01-10-18-44-42.jpg)
Weather Forecast Today:শীতের আমেজ বহাল।
Bengal Weather Update: ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস পড়লেও শীতের বিদায়বেলায় তার মেজাজ যেন কিছুতেই কমছে না। 'যাই যাই' করেও জাঁকিয়ে বসার চেষ্টা চালাচ্ছে শীত। রাজ্যজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও, সকাল এবং রাতে শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। তবে বুধবার একধাক্কায় অনেকটাই বাড়ল কলকাতার তাপমাত্রা। মাঘের শেষে আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর?
তাপমাত্রার খতিয়ান ও শীতের দাপট
গতকাল অর্থাৎ মঙ্গলবারও রাজ্যজুড়ে শীতের দাপট ছিল লক্ষ্যণীয়। দক্ষিণবঙ্গের কল্যাণী ও সিউড়িতে পারদ নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। উত্তরে কোচবিহারে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং পাহাড়ের রানি দার্জিলিংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৪ ডিগ্রির আশেপাশে। কলকাতাতেও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে বুধবার সকাল হতেই আবহাওয়ার ভোলবদল। শহর কলকাতায় এদিন একধাক্কায় তাপমাত্রা বাড়ল প্রায় ৩ ডিগ্রি। বুধবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও সকালের দিকে হালকা শীতের শিরশিরানি অনুভব করেছেন শহরবাসী।
আগামী ৭ দিনের আবহাওয়া পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দিন সাতেক তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরিস্থিতি কমবেশি একই থাকবে। দুপুরে রোদের তেজ থাকলেও বিকেল গড়াতেই ফিরবে মনোরম আবহাওয়া।
কুয়াশার সতর্কতা
তাপমাত্রার পাশাপাশি কুয়াশা নিয়েও আপডেট দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে দৃশ্যমানতা কমতে পারে কুয়াশার কারণে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us