/indian-express-bangla/media/media_files/2026/01/24/cold-2026-01-24-08-07-17.jpg)
Bengal Weather Update: শীতের ভরপুর আমেজ বঙ্গে।
West Bengal Weather Updates 24 January 2026: বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজোয় রাজ্যজুড়ে জমাটি ঠান্ডার পর আজ, শনিবার সকালেও শীতের মেজাজ একেবারে অটুট। তবে হাড়হিম করা ঠান্ডার দিন এবার শেষের পথে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলাতে চলেছে আবহাওয়া। রবিবার থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। তবে কি শীতের বিদায় আসন্ন? জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারে টাটকা আপডেট।
দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির শেষলগ্নে এসেও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের জমাটি মেজাজ বজায় রয়েছে। আজ সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে জেলাগুলির তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আরও পড়ুন- বন্দে ভারত স্লিপারের মেনু নিয়ে তুঙ্গে বিতর্ক, বিজেপিকে তুলধোনা তৃণমূলের, কী সাফাই রেলের?
কলকাতার পরিস্থিতি
খাস কলকাতাতেও আজ শীতের আমেজ ষোলোআনা। তবে আগামীকাল, রবিবার থেকে তিলোত্তমা মহানগরী সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে।
তাপমাত্রা বাড়লেও এখনই যে গরম পড়ে যাবে, বিষয়টি তেমন নয়। হাওয়া অফিসের মতে, আগামী সপ্তাহজুড়ে তাপমাত্রা বাড়লেও, জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রার বাড়ার ইঙ্গিত মিলছে, তখন উত্তরবঙ্গের ছবিটা বেশ আলাদা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আগামী ৫-৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। পাহাড়ের রানী দার্জিলিঙে চলছে হাড়কাঁপানো শীত।
সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে। সমতলের জেলাগুলিতেও শীতের দাপট এখনই কমছে না। অর্থাৎ, উত্তরবঙ্গবাসীর জন্য শীতের স্পেল আরও কিছুদিন স্থায়ী হতে চলেছে।
কবে বিদায় নেবে শীত?
এবারের মতো শীত কবে পাকাপাকিভাবে বিদায় নেবে, তার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়াবিদদের ধারণা, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়া শুরু হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে। এরপরই ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নিতে পারে শীত।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us