/indian-express-bangla/media/media_files/2026/02/03/cold-2026-02-03-09-08-24.jpg)
West Bengal Weather: ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দাপট। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Kolkata Temperature Today: ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস পড়লেও এখনই জাঁকিয়ে শীতের হাত থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। বিদায়বেলায় রীতিমতো ‘ঝোড়ো ব্যাটিং’ চালাচ্ছে শীত। উত্তুরে হাওয়ার দাপট এখনও রাজ্যজুড়ে বজায় থাকায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই সকাল, সন্ধ্যা ও রাতে মিলছে শীতের শিরশিরানি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই লেপ-কম্বল তুলে রাখার সময় আসেনি।
জেলার তাপমাত্রার পারদ পতন
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে কল্যাণী এবং সিউড়িতে পারদপতন ছিল চোখে পড়ার মতো। এই দুই এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। আজ, মঙ্গলবারও জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত। বীরভূমের শ্রীনিকেতনে আজকের তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে, খাস কলকাতাতেও গতকাল তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। আজ মঙ্গলবার শহরের তাপমাত্রা সামান্য বেড়ে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। দুপুরের দিকে রোদের তেজে উষ্ণতা খানিক ফিরলেও বিকেল গড়ালেই ফের আবহাওয়ার ভোলবদল ঘটছে।
আরও পড়ুন-Offbeat beaches: দীঘা-পুরীর দিন কি শেষ? কলকাতার কাছেই মিলল নীল জলের এক 'গোপন' স্বর্গরাজ্য!
উত্তরবঙ্গের আবহাওয়া
পিছিয়ে নেই উত্তরবঙ্গও। গতকাল কোচবিহারে তাপমাত্রার পারদ নেমেছিল ১০.৮ ডিগ্রিতে, আজ সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের পাহাড়শহর দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪ ডিগ্রির আশেপাশে। এছাড়া জলপাইগুড়ির পারদ আজ পৌঁছেছে ১৩.৪ ডিগ্রির ঘরে। সব মিলিয়ে উত্তরের জেলাগুলিতেও শীতের জমাটি মেজাজ বহাল।
কী বলছে হাওয়া অফিস?
ফেব্রুয়ারির এই সময়ে শীতের এমন দাপটে খুশি শীতপ্রেমীরা। তবে কি দিন কয়েকে আরও বাড়বে ঠান্ডার দাপট? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন করে আর হাড়কাঁপানো বা কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী বেশ কয়েকদিন এই মনোরম শীতের আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন-একধাক্কায় ফি কমে অর্ধেক! জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বিরাট ঘোষণা শতবর্ষ প্রাচীন পুরসভার
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে।ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদায় নেবে শীত।ফলে শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগে এই শেষ বেলার আমেজটুকু চেটেপুটে উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ্যবাসী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us