/indian-express-bangla/media/media_files/2025/11/10/winter-2025-11-10-08-42-34.jpg)
Kolkata Weather Update: কলকাতাতেও ভোরের দিকে ও রাতে ঠান্ডার আমেজ।
Kolkata Weather Today: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের শহর থেকে জেলায় ক্রমশ নামছে পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক আজকের পূর্ণাঙ্গ ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পারদ পতন শুরু হয়েছে। আগামী তিন দিন এভাবেই তাপমাত্রা নামার ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।
আরও পড়ুন- Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল
ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চল—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের দিকে পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শীত শীত ভাব স্পষ্ট। আবহাওয়াবিদদের মতে, জাকিয়ে ঠান্ডা পড়ার জন্য প্রায় প্রস্তুত দক্ষিণবঙ্গ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় আগামী কয়েক দিন ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।
আরও পড়ুন- বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প! তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর
কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতায় আপাতত আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে সকাল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ির ঘরে পৌঁছে গিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস—আগামী কয়েক দিন রাতের দিকে পারদ আরও কিছুটা নামতে পারে। ফলে শহরেও মিলবে হালকা শীতের অনুভব। চলতি সপ্তাহের প্রথমার্ধে তাপমাত্রা পতনের ধারা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার, আপাতত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এখানেও আগামী কয়েক দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। পাহাড়ি দার্জিলিঙে পারদ ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। লাগোয়া কালিম্পংয়েও তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
গোটা উত্তরবঙ্গেই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে রাজ্যজুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। নভেম্বরের মাঝামাঝি পৌঁছাতেই পারদ পতনের ধারা আরও জোরালো হতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us