/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Kolkata Weather Today: কলকাতায় সকালের দিকে শীতের আমেজ বহাল।
Kolkata Weather Update: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও রাজ্যের জেলায় জেলায় এখনও শীতের কামড় অব্যাহত। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা আর সন্ধ্যার পর শিরশিরানি, সব মিলিয়ে শীতের আমেজ এখনও চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। তবে এই সুখবর খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। অর্থাৎ, দক্ষিণবঙ্গ থেকে এবার শীতের বিদায় পালা শুরু।
আরও পড়ুন- বাংলায় SIR নিয়ে সোমে সুপ্রিম শুনানি, সুর নরম রাজ্যের, ৮,৫০৫ গ্রুপ ‘বি’ অফিসার দিতে তৈরি মমতা
বিশেষ করে আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ 'ভ্যালেন্টাইনস ডে' বা সরস্বতী পুজোর সময় থেকেই তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
জেলায় জেলায় বর্তমান পরিস্থিতি
গতকাল অর্থাৎ রবিবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয়েছে। কলকাতার তাপমাত্রা গতকাল পৌঁছেছিল ১৪ ডিগ্রির ঘরে। গতকাল বীরভূমের সিউড়িতে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১০ ডিগ্রির আশেপাশে, যা রীতিমতো কাঁপুনি ধরিয়েছিল।
উত্তরবঙ্গের ছবিটা আলাদা
দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে আরও কিছুদিন ‘অতিথি’ হয়ে রয়ে যাবে শীত। দার্জিলিঙের তাপমাত্রা গতকাল নেমে গিয়েছিল ৩ ডিগ্রির আশেপাশে। কালিম্পঙেও গতকাল ছিল হাড়কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত আগামী কয়েকদিন ঠান্ডার দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us