/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Kolkata Weather Today: কবে থেকে মিলবে জমাটি ঠান্ডার অনুভূতি?
Kolkata Weather Report Today: নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ। নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে ঠান্ডার ছোঁয়া। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিন ও রাতের পারদ উভয়ই ক্রমশ নিম্নমুখী। কালিম্পংয়েও তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে পাহাড়ে এখনই শীতের প্রকোপ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
ধীরে ধীরে কমছে তাপমাত্রা:
অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি — পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে — রাতের দিকে পারদ নেমে যাচ্ছে ২০ ডিগ্রির নিচে। ফি দিন সকালের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডা হাওয়ার দাপটে শীতের পূর্বাভাস মিলছে স্পষ্টভাবে। তবে এখনও পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি।
আরও পড়ুন- Sukanta Majumdar: “সব রাজ্য আলো দেখেছে, শুধু বাংলা বাকি”, সুকান্তের নিশানায় মমতা
উইকেন্ডে কমবে তাপমাত্রা:
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে, অর্থাৎ উইকেন্ডে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।
আবহাওয়াবিদদের একাংশের মতে, উত্তর ভারতের পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফপাত শুরু হয়েছে। সেই ঠান্ডা হাওয়াই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে। তাই চলতি সপ্তাহের শেষে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামতে পারে।
আরও পড়ুন-Adhir Chowdhury: ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
আপাতত নেই বৃষ্টি-শঙ্কা:
তবে আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার, বাতাসে থাকবে হালকা শিরশিরে ভাব। ফলে দিনের বেলায় গরম না লাগলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বেড়ে চলবে — এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীতের আগমন ঘটতে পারে বলে মনে করছেন তারা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us