/indian-express-bangla/media/media_files/2026/01/18/yusuf-2026-01-18-17-19-15.jpg)
Beldanga unrest: অবশেষে বেলডাঙায় গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। অথচ এতদিন দেখা মেলেনি স্থানীয় সাংসদের। বিরোধীদের এই লাগাতার আক্রমণ ও দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার বেলডাঙ্গার মাটিতে পা রাখলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন তিনি নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে যান এবং স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন।
রবিবার স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান ও দলের অন্যান্য স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিহত আলাউদ্দিনের বাড়িতে পৌঁছন ইউসুফ। তারকা সাংসদকে কাছে পেয়ে এদিন এলাকায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাসও দেন।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরির কথা বলেছেন। ওঁর বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেওয়া হচ্ছে। সরকার ও দল এই পরিবারের পাশে আছে।"
তবে এদিন সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক এড়ানো যায়নি। বেলডাঙা যখন অশান্ত, তখন সাংসদ কোথায় ছিলেন, সাংবাদিকদের এই প্রশ্নের মুখে পড়ে খানিকটা অস্বস্তিতে পড়েন ইউসুফ। বহরমপুর লোকসভা কেন্দ্রে বারবার অশান্তি এবং তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি পালটা দাবি করেন যে তিনি এলাকাতেই ছিলেন।
আরও পড়ুন-আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন স্রেফ একটা প্রহসন, দিল্লি থেকে ইউনূসকে কড়া বার্তা
আত্মপক্ষ সমর্থন করে ইউসুফ পাঠান বলেন, "আপনাদের বিভ্রান্ত করা হয়েছে। মিডিয়াকেও লোকজন বিভ্রান্ত করে রাখছে। আমি তো এখানেই ছিলাম। এখানে আমাদের যারা প্রতিনিধি, বিধায়ক রয়েছেন, যারা মাঠে-ময়দানে নেমে কাজ করেন, আমরা সবাই একসঙ্গেই কাজ করেছি।" তিনি দাবি করেন, এখন বেলডাঙার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। দীর্ঘদিন বাদে সাংসদের এই সফর এবং ‘এলাকায় থাকার’ দাবি কতটা রাজনৈতিক ক্ষোভ প্রশমন করতে পারে, সেটাই এখন দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us