Suvendu Adhikari : রাজ্যপালের পর শুভেন্দু, যুবভারতীতে ঢুকতে বাধা, ৩০০ কোটি দুর্নীতির বিরাট অভিযোগে তোলপাড়

Suvendu Adhikari : যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রূপক মণ্ডল।

Suvendu Adhikari : যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রূপক মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal voter list,  BJP complaint  ,TMC allegations,  illegal voters,  infiltration issue , Shuvendu Adhikari,  BLO pressure  ,Election Commission,  West Bengal politics  ,refugee voters,ভোটার তালিকা বিতর্ক,  বিজেপির অভিযোগ,  তৃণমূলের ভূমিকা  ,অনুপ্রবেশকারীর নাম  ,ভুয়ো ভোট  ,শুভেন্দু অধিকারী  ,বিএলও অভিযোগ,  নির্বাচন কমিশন,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,শরণার্থী ভোটার ইস্যু

Suvendu Adhikari: সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 Suvendu Adhikari : যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রূপক মণ্ডল। এই নিয়ে যুবভারতী কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রূপক মণ্ডলকে চিহ্নিত করা হয়। তিনি ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটা এলাকার বাসিন্দা।

Advertisment

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ঘটনার দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। এর আগেই সোমবার বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে, পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের সকলকেই নজরদারি ফুটেজের মাধ্যমেই চিহ্নিত করা হয়।

এদিকে, রাজ্য পুলিশের গঠিত চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত এই দলটি প্রথমে স্টেডিয়ামের ভিতরে ঘুরে দেখে, পরে সংলগ্ন বিধাননগর পুলিশ কমিশনারেট কার্যালয়ে যায়। কিছুক্ষণ সেখানে থাকার পর কোনও মন্তব্য না করেই তাঁরা সেই স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, গত শনিবার আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, চড়া দামে টিকিট কেটে দর্শকেরা মাঠে উপস্থিত থাকলেও মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি। জানা গিয়েছে, মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি' পল প্রায় ২০-২৩ মিনিট মাঠে উপস্থিত ছিলেন। তবে মাঠের মধ্যে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ের কারণে গ্যালারি থেকে দর্শকদের পক্ষে তাঁদের দেখা সম্ভব হয়নি। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

মেসির মাঠ ছাড়ার পর দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছায়। অভিযোগ, তখনই গ্যালারির ভিতরে ভাঙচুর চালানো হয় এবং একাধিক হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান পরিচালনায় গাফিলতির কারণেই দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং সেখান থেকেই এই হিংসাত্মক পরিস্থিতির সূত্রপাত।

এই ঘটনায় শনিবারের অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকেও গ্রেফতার করেছে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে যুবভারতীতে এসে প্রতিবাদে বসেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির দাবি জানান। একই সঙ্গে রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটিকে ‘নিরপেক্ষ নয়’ বলে আখ্যা দিয়ে একটি স্বাধীন তদন্তের দাবি তোলেন তিনি।

প্রসঙ্গত, ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও রয়েছেন। সোমবার রাতে কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়ে এবং তার সুপারিশ অনুযায়ী মঙ্গলবার রাজ্য পুলিশ চার সদস্যের SIT গঠন করে।

এই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মেসি ইভেন্টকে কেন্দ্র করে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনও তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে না।

শুভেন্দু অধিকারী আরও জানান, তিনি ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর অভিযোগ, বুধবার তিনি যুবভারতী পরিদর্শনে গেলে স্টেডিয়ামের সব গেট বন্ধ ছিল এবং তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি তাঁর আসার খবর দেওয়া সত্ত্বেও স্টেডিয়ামের প্রশাসনিক দপ্তরের কোনও আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, শনিবারের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কারণে মেসিকে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় বলে অভিযোগ। গ্যালারিতে থাকা বহু দর্শক, যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, তাঁরা প্রিয় ফুটবল তারকাকে একবার দেখার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এই ঘটনার জেরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক 

 পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলা: দোষী তিনজনের দৃষ্টান্তমূলক সাজা

Suvendu Adhikari