/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohun-bagan-super-giant-10-2025-09-16-21-04-28.jpg)
আহালের বিরুদ্ধে লজ্জার হার মোহনবাগানের
Mohun Bagan Super Giant: গত কয়েকদিন ধরে এই মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আহাল এফকে (Ahal FK) ম্য়াচ নিয়ে যথেষ্ট শোরগোল তৈরি হয়েছিল। এমনকী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League 2) এই ম্যাচের কারণেই জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে চাননি বাগান কর্তারা। তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। অবশেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই কাঙ্খিত ম্য়াচের আয়োজন করা হয়। বলতে কোনও বাধা নেই, মোহনবাগান এই ম্য়াচে কিন্তু প্রত্যাশামাফিক পারফরম্য়ান্স করতে পারল না। শেষপর্যন্ত ঘরের মাঠে তারা ১-০ গোলে পরাস্ত হল। আর এই ফলাফল দেখেই বাগান সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।
সোনায় বাঁধানো গোল
একটা সময় মনে হচ্ছিল, এই ম্য়াচটা হয়ত গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু, ৮৩ মিনিটে যাবতীয় হিসেব ওলট-পালট করে দিলেন অ্যানায়েভ এবং গুরবানবেরদিয়েভ জুটি। মাত্র চার মিনিট আগে তাঁরা দুজনেই একসঙ্গে মাঠে নামেন। আহাল এফকে যেন শেষবেলার জন্য নিজেদের সেরা দুটো অস্ত্র লুকিয়ে রেখেছিল। আর মাঠে নামতে না নামতেই কামাল করলেন তাঁরা। নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া একটা ম্য়াচের রং পুরোটাই বদলে দিলেন।
বক্সের মধ্যে প্রথমে অ্যানায়েভকে স্পট করেন গুরবানবেরদিয়েভ। আর দেখামাত্রই তিনি দলের সতীর্থকে কার্যত গোল লেখা একটা পাস বাড়িয়ে দেন। বলটা রিসিভ করার পর অ্যানায়েভ কোনাকুনি একটি শট নেন। বলটা কার্যত কামানের গোলার মতো গোটা বাগান তছনছ করে দেয়। আর সেইসঙ্গে নিশ্চিত হয়ে যায় আহাল এফকে-র জয়। যদিও সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে মোহনবাগানের কাছেও সমতা ফেরানোর একটা সুযোগ এসেছিল। বক্সের মধ্যে একটা নিখুঁত পাস বাড়িয়েছিলেন রবসন রবিনহো। প্রসঙ্গত, ৭২ মিনিটে রবিনহোকে মাঠে নামিয়েছিলেন হোসে মলিনা। মেরিনার্সরা যখন গোলের দরজা খুলতে পারছেই না, তখন ফরোয়ার্ড লাইনে একজন মাত্র বিদেশি ফুটবলারকে তিনি কেন অতক্ষণ ধরে খেলিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যাইহোক, অন্তিমবেলায় রবিনহোর সেই বাড়ানো বলটা সাহাল আবদুল সামাদ রিসিভ করার চেষ্টা করেছিলেন। কিন্তু, বলটা তিনি শেষপর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেননি। শেষপর্যন্ত আহাল গোলরক্ষকের নিরাপদ হাতে তা জমা পড়ে। অবশেষে গ্রুপ সি'র প্রথম ম্য়াচে ১-০ গোলে পরাস্ত হয়ে মাঠ ছাড়ল মোহনবাগান সুপার জায়ান্ট।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us